পশ্চিমবঙ্গের প্রথম দফা ও তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু
ভারতের পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে তামিলনাড়ুর সবকটি আসনে একযোগে ভোটগ্রহণ চললেও পশ্চিমবঙ্গের দুই দফার নির্বাচনের প্রথম দফার ভোট আজ অনুষ্ঠিত হচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, এই দুই রাজ্যসহ আসাম, কেরালা ও পুডুচেরির নির্বাচনী ফলাফল আগামী ৪ মে ঘোষণা করা হবে।
তামিলনাড়ুর বিধানসভার ২৩৪টি আসনেই আজ একযোগে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে এখানে বহুমুখী লড়াই দেখা যাচ্ছে। মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বর্তমান ক্ষমতাসীন দল ডিএমকে নেতৃত্বাধীন জোট এবং বিরোধী দল এআইএডিএমকে। এছাড়াও অভিনেতা থেকে রাজনীতিতে আসা বিজয়ের নেতৃত্বাধীন নতুন দল ‘তামিলগা ভেট্টি কাজাগাম’ও রয়েছে।
দিনের শুরুতেই ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিনসহ পদস্থ রাজনৈতিক নেতারা।
পশ্চিমবঙ্গে আজ প্রথম দফায় ১৫২টি নির্বাচনী কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে চতুর্থবারের মতো ক্ষমতায় আসার লক্ষ্যে লড়ছে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং বাম-কংগ্রেসের সংযুক্ত মোর্চা।
ভোটগ্রহণকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরের মতো স্পর্শকাতর জেলাগুলোতে মোতায়েন করা হয়েছে হাজার হাজার কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী।
পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ শেষ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল। এরপর ৪ মে কেরালা, আসাম ও পুডুচেরিসহ সব রাজ্যের ভোট গণনা করা হবে এবং ওইদিনই চূড়ান্ত ফলাফল জানা যাবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে