Views Bangladesh Logo

পশ্চিমবঙ্গে সরকারি দাপ্তরিক কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক করার ঘোষণা

ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সব দাপ্তরিক কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সোমবার (২০ জুলাই) পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে এ ঘোষণা দেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি পাঠানো এক চিঠিতে বিদেশি ভাষার পরিবর্তে বাংলা অথবা রাজভাষা হিন্দির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন। সেই প্রস্তাবকে গুরুত্ব দিয়েই রাজ্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

বিধানসভায় অমিত শাহর চিঠিও তুলে ধরেন শুভেন্দু অধিকারী। চিঠিতে বলা হয়, ভারতীয় ভাষার সংরক্ষণ, বিকাশ ও প্রশাসনিক ব্যবহারে শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ অনুসরণ করা প্রয়োজন। মানুষের নিজস্ব ভাষায় প্রশাসন পরিচালিত হলে গণতান্ত্রিক শাসনব্যবস্থা আরও কার্যকর হয় বলেও এতে উল্লেখ করা হয়।

চিঠিতে পশ্চিমবঙ্গ সরকারের সব দপ্তরে—ভূমি ও ভূমি সংস্কার কার্যালয় থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কার্যালয় পর্যন্ত—ফাইল পরিচালনা, নোটিং, সরকারি আদেশ ও দাপ্তরিক চিঠিপত্র বাংলা ভাষায় করার সুপারিশ করা হয়েছে।

এছাড়া নাগরিক সেবা, ডিজিটাল প্রশাসন, আবেদনপত্র, সনদ, সরকারি ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রশিক্ষণসামগ্রী, গণবিজ্ঞপ্তি এবং অন্যান্য সরকারি যোগাযোগেও বাংলা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশি সেবাসহ আইনশৃঙ্খলা-সংক্রান্ত নাগরিক সেবায়ও বাংলা ভাষার ব্যবহার বাড়ানোর সুপারিশ রয়েছে।

তবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে বাংলা ভাষার পাশাপাশি হিন্দিও ব্যবহার করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। এ সময়ের মধ্যে বিভিন্ন দপ্তর বাংলা ভাষায় কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করবে।

এদিকে, বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বিধানসভার সব কার্যক্রম বাংলা ভাষায় পরিচালনার উদ্যোগ নিয়েছিলেন এবং এ বিষয়ে মুখ্যমন্ত্রী তার পূর্ণ সমর্থন দিয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ