সরকারি বাসে নারীদের বিনামূল্যে যাতায়াতের ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের
ভারতের পশ্চিমবঙ্গে সরকারি বাসে নারীদের বিনামূল্যে যাতায়াতের সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। আগামী ১ জুন থেকে রাজ্যের সব সরকারি বাসে নারীরা বিনা ভাড়ায় ভ্রমণ করতে পারবেন।
সোমবার (১৮ মে) নতুন রাজ্য সরকারের দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ীই এই সুবিধা চালু করা হচ্ছে। আপাতত সরকারি বাসের সংখ্যা না বাড়িয়ে বর্তমান পরিবহন কাঠামোর মধ্যেই এটি কার্যকর করা হবে। তবে জুন মাসের বাজেটে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে নতুন ইলেকট্রিক বাস নামানো হবে এবং প্রতি ১৫ দিন অন্তর মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ৪ মে প্রকাশিত নির্বাচনের ফলাফলে পশ্চিমবঙ্গে দীর্ঘদিনের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো রাজ্যে সরকার গঠন করে বিজেপি। ক্ষমতায় এসেই নারীবান্ধব এই সিদ্ধান্ত নিল নতুন সরকার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে