Views Bangladesh Logo

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণে বিএসএফকে জমি দিল পশ্চিমবঙ্গ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে প্রথম পর্যায়ে ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

বুধবার রাজ্য সরকারের প্রশাসনিক ভবন নবান্নে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তের মোট ৪ হাজার কিলোমিটারের মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ২ হাজার ২০০ কিলোমিটার। এর মধ্যে ১ হাজার ৬০০ কিলোমিটারে কাঁটাতার থাকলেও বাকি ৬০০ কিলোমিটার এখনো অসম্পূর্ণ।

গত ১১ মে প্রথম মন্ত্রিসভা বৈঠকেই ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন শুভেন্দু। পূর্ববর্তী তৃণমূল সরকার ‘তোষণের রাজনীতি’ করায় এই জমি দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
একই সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) আওতাবহির্ভূত অবৈধ অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করে সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে এবং তাদের দেশ থেকে বের করে দেওয়া হবে। এই আদেশ বুধবার থেকেই কার্যকর বলে জানান তিনি।

উল্লেখ্য, সীমান্তে কাঁটাতারের ‘অননুমোদিত’ বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। ১৯৭৫ সালের নীতিমালা অনুযায়ী শূন্যরেখার ১৫০ গজের মধ্যে কোনো প্রতিরক্ষা স্থাপনা নির্মাণে উভয় দেশের সম্মতি প্রয়োজন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ