Views Bangladesh Logo

ব্রাজিলকে এক ইঞ্চি জায়গাও ছাড় দেব না: জাপান কোচ মরিয়াসু

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ব্রাজিল-জাপান ম্যাচ। মহারণ শুরুর আর মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকতেই আত্মবিশ্বাসী কণ্ঠে ব্রাজিলকে কঠিন চ্যালেঞ্জের বার্তা দিলেন জাপানের প্রধান কোচ হাজিমে মরিয়াসু।

রোববার (২৯ জুন) ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মরিয়াসু বলেন, আমি বিশ্বাস করি, ব্রাজিলকে হারিয়ে আমরা আরেকটি রূপকথার গল্প লিখতে পারি।

তিনি বলেন, গ্রুপ পর্বে তিনটি কঠিন ম্যাচ খেলে আমরা নিজেদের যোগ্যতায় নকআউটে উঠেছি। এটি আমাদের ধারাবাহিক অগ্রগতিরই অংশ। সত্যি বলতে, আসল বিশ্বকাপ এখন থেকেই শুরু। এখন পর্যন্ত দল দারুণ ফুটবল খেলেছে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে কঠিন প্রতিপক্ষ উল্লেখ করে জাপান কোচ বলেন, ব্রাজিল হয়তো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন, কিন্তু আমরা তাদের এক ইঞ্চি জায়গাও ছেড়ে দেব না। নিজেদের সেরাটা দিয়ে শেষ পর্যন্ত লড়াই করব।"

গ্রুপ 'এফ'-এর রানার্সআপ হিসেবে নকআউটে জায়গা করে নেয় জাপান। গ্রুপ পর্বে তারা নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করে, তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেয় এবং সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে শেষ বত্রিশ নিশ্চিত করে।

সংবাদ সম্মেলনে গত বছরের প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারানোর স্মৃতিও তুলে ধরেন মরিয়াসু। তিনি বলেন, গত বছর আমরা ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ জিতেছিলাম। যদিও বিশ্বকাপে এখনো তাদের হারাতে পারিনি, তবে সেই ম্যাচের পর আমাদের দল আরও উন্নতি করেছে।

তবে এবার ভিন্ন এক ব্রাজিলের মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন জাপান কোচ। তার ভাষায়, সেই জয়ের কারণে আমাদের প্রতি প্রত্যাশাও বেড়েছে। তবে এবারের ব্রাজিল দলটি সম্পূর্ণ আলাদা। দুই দলই জয়ের জন্য মরিয়া থাকবে। আমরা জিততে পারি, সেই বিশ্বাস আমাদের আছে। কিন্তু এটিও জানি, এই ম্যাচটি আগের যেকোনো সময়ের চেয়ে কঠিন হবে।

বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন মরিয়াসু। তিনি বলেন, অনেকে হয়তো মনে করেন আমরা শুধু ভালো খেলার জন্য এসেছি। কিন্তু আমরা বিশ্বাস করি, এই বিশ্বকাপ জেতার সামর্থ্য আমাদের আছে। প্রতিপক্ষকে সম্মান করব, তবে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে লড়ব। বিশ্বকে দেখাতে চাই, সেরাদের হারানোর ক্ষমতা জাপানেরও রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ