ইশতেহার বাস্তবায়নে কাজ করবো: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
বিএনপি সরকার গঠন করতে পারলে দলের ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘আমরা এগিয়ে আছি, ইনশাআল্লাহ আমরা মেজরিটি পাবো, অবশ্যই ভালো মেজরিটি পাবো। সেই মেজরিটি পেলে আমরা সরকারও গঠন করবো।’
তিনি আরও বলেন, ‘এখনও চূড়ান্ত ফলাফল আসেনি। তবে সুযোগ পেলে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা করবো। সরকার গঠন করতে পারলে বিএনপির যে ইশতেহার ঘোষণা করা হয়েছে, তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবো।’
এদিন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং রাতেই ফলাফল ঘোষণা শুরু হয়।
মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১২৩টির ফলাফলে তিনি ১ লাখ ৫২ হাজার ৩১৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৮৯ হাজার ৪৯৩ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলাম পেয়েছেন ২,৬৫৩ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১১ হাজার ৬৩১ জন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে