তাকে থামাতে আমরা সবকিছুই করব: ইয়ামালকে নিয়ে মেসির হুঁশিয়ারি
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের মহারণে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। হাইভোল্টেজ এই ম্যাচের আগে স্পেনের তরুণ সেনসেশন লামিনে ইয়ামালকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে যেমন প্রশংসায় ভাসিয়েছেন লিওনেল মেসি, তেমনই আবার তাকে থামানোর জন্য ‘সাধ্যমতো সবকিছু’ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আর্জেন্টিনা অধিনায়ক।
আগামী রোববার (১৯ জুলাই) মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমবারের মতো মুখোমুখি হবেন এই দুই তারকা। তবে তাদের মধ্যকার সংযোগটি প্রায় দুই দশকের পুরোনো। ২০০৭ সালে বার্সেলোনার তৎকালীন তরুণ মেসি একটি দাতব্য ক্যালেন্ডারের ছবির জন্য পাঁচ মাস বয়সী ইয়ামালকে গোসল করিয়েছিলেন—যে ছবিটি সম্প্রতি ফুটবলের অন্যতম আইকনিক ছবি হিসেবে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
নিউইয়র্কে ফাইনাল-পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি ও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেসের সঙ্গে উপস্থিত হয়ে মেসি সেই স্মরণীয় মুহূর্তটি নিয়ে স্মৃতিচারণ করেন। একই সঙ্গে ১৯ বছর বয়সী এই স্প্যানিশ তারকার দ্রুত উত্থানের ভূয়সী প্রশংসা করেন তিনি।
মেসি বলেন, ‘সেই ছবির ছোট্ট শিশুটি আজ আমার বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনাল খেলছে, এটা সত্যিই অবিশ্বাস্য। সে ইতিমধ্যেই বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। আমি তার প্রতিটি সাফল্য কামনা করি, কারণ তার সাফল্য বার্সেলোনার জন্যও মঙ্গলজনক।’
তবে আর্জেন্টিনার অধিনায়ক এটিও পরিষ্কার করে দিয়েছেন যে, ম্যাচ শুরু হওয়ার পর মাঠের বাইরে থাকা বন্ধুত্ব ও প্রশংসা একপাশে সরিয়ে রাখা হবে। এ প্রসঙ্গে মেসি যোগ করেন, ‘লামিনে একজন অসাধারণ খেলোয়াড় এবং তার সামনে একটি দারুণ ভবিষ্যৎ রয়েছে। ইতিহাস গড়ার এক চমৎকার সুযোগ আছে তার সামনে, তবে এবার যেন তা না ঘটতে পারে সেজন্য আমরা আমাদের সাধ্যমতো সবকিছু করব।’
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার চাপ প্রসঙ্গেও কথা বলেছেন মেসি। তিনি জোর দিয়ে জানান, দল প্রত্যাশার চাপে জর্জরিত না হয়ে বরং খেলাটি উপভোগ করার দিকেই মনোনিবেশ করছে।
আর্জেন্টাইন মহাতারকা বলেন, ‘আমরা চাপ নিয়ে ভাবি না। আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে এবং জিততে ভালোবাসি। তবে ফুটবল একটি দলীয় খেলা এবং প্রতিপক্ষ দলটিও জিততে চায়। বড় হওয়ার প্রক্রিয়ায় আমি শিখেছি যে জয়ের চেয়ে পরাজয়ের ব্যবধানই বেশি থাকে এবং সেই শিক্ষাই আমাকে একজন মানুষ ও ফুটবলার হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে।’
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার নিজেদের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে, অন্যদিকে ইয়ামালের নেতৃত্বে এক নতুন যুগের সূচনা করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের স্তব্ধ করতে মুখিয়ে আছে স্পেন।
মতামত দিন