Views Bangladesh Logo

‘মেসিকে ভাড়া করার কথা ভাবছিলাম’, ব্রাজিল প্রেসিডেন্টের রসিকতা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

উত্তর আমেরিকা বিশ্বকাপে দুই ফুটবল পরাশক্তির শুরুটা দুই রকম। লিওনেল মেসির হ্যাটট্রিকে দুর্দান্ত শুরু পেয়েছে আর্জেন্টিনা। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী, ব্রাজিলের শুরু হয়েছে মরক্কোর সঙ্গে ড্রয়ের ধাক্কা খেয়ে। জেনেভায়, এ নিয়েই প্রশ্নের মুখে পড়লেন ব্রাজিল প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ৮০ বছর বয়সী লুলা রসিকতার সুরেই দিলেন উত্তর।

মরক্কোর বিপক্ষে ১-১ ড্র ম্যাচে ভিনিসিউস জুনিয়র ব্রাজিলের ত্রাতা। বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নদের আক্রমণভাগের আর কেউ পারেননি দলকে জয়সূচক গোল এনে দিতে। এদিকে, অধিনায়ক মেসির হ্যাটট্রিকের ঝলকে আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে মুকুট ধরে রাখার মিশন শুরু করেছে আর্জেন্টিনা। মেসির প্রসঙ্গ উঠতেই মজা করলেন ব্রাজিল প্রেসিডেন্ট।

‘ব্রাজিলের হয়ে খেলার জন্য আমি মেসির সঙ্গে চুক্তি করার কথা ভাবছিলাম!’ ড্র দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ শুরুর প্রসঙ্গে লুলা টানেন, স্পেন-কেপ ভার্দ ম্যাচের উদাহরণ। ‘কেপ ভার্দের সঙ্গে স্পেন ড্র করেছে, সেটাও ছিল বাজে ঘটনা।’

আলজেরিয়া ম্যাচেই বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড ছুঁয়েছেন মেসি। জাতীয় দলের হয়ে ২০০ ম্যাচ খেলার মাইলফলকে পা রেখেছেন। প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার রেকর্ডও গড়েন। অবশ্য, আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে এই রেকর্ডে ভাগ বসিয়েছেন পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদো ও মেক্সিকোর গিয়ের্মো ওচোয়া।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ