Views Bangladesh Logo

যে আদর্শের ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেই আদর্শকে আরও শক্তিশালী করতে চাই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি উদার গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। যে আদর্শের ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেই আদর্শকে আরও শক্তিশালী করতে চাই।

বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় নির্বাচনের আগে জামায়াতকে ঘিরে অতিরঞ্জিত জনমত তৈরির চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, নির্বাচনের আগে একটি মহল এমন ধারণা তৈরি করেছিল যে জামায়াতই সবচেয়ে বেশি ভোট পাবে এবং ক্ষমতায় যাওয়ার অবস্থানে রয়েছে। কিন্তু ভোটের ফলাফল প্রমাণ করেছে, জনগণ বিএনপির প্রতিই আস্থা রেখেছে।

‘বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন ও নিরপেক্ষ কূটনীতি’ শীর্ষক এ অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে কিছু বুদ্ধিজীবী ও সংবাদমাধ্যমের একটি অংশ এমন পরিবেশ তৈরি করেছিল, যাতে মনে হচ্ছিল জামায়াতই সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। তবে জনগণ সেই প্রচারণাকে গ্রহণ করেনি।

বিএনপি মহাসচিব বলেন, মানুষ ভুল করেনি। শেষ পর্যন্ত তারা বিএনপিকেই বেছে নিয়েছে। জনগণ গণতান্ত্রিক ও উদার রাজনৈতিক ধারার পক্ষেই অবস্থান নিয়েছে।

অনুষ্ঠানে তিনি বিএনপির রাজনৈতিক দর্শনের কথাও তুলে ধরেন, ‘বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, যা বিভাজনের রাজনীতি নয়, বরং জাতীয় ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করে।’

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের উল্লেখ করে বলেন, এ দর্শনের মধ্যেই জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বার্তা নিহিত রয়েছে।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশের সংকটময় সময়ে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং বিভক্ত রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন। তার উদ্যোগেই বিভিন্ন রাজনৈতিক মত ও শক্তিকে এক প্ল্যাটফর্মে আনার প্রয়াস শুরু হয়, যা পরে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে আরও সুসংহত রূপ পায়।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারসাম্যপূর্ণ অবস্থানের পক্ষে ছিলেন। তিনি কোনো দেশের সঙ্গে বৈরিতা নয়, বরং পারস্পরিক সম্মান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার নীতিতে বিশ্বাস করতেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ