ইরানে আমাদের যাওয়া উচিত হয়নি: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের ইরাক ও ইরানে সামরিকভাবে জড়ানো উচিত হয়নি। অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপ নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরাকে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বড় ধরনের ভুল ছিল।
তিনি বলেন, আমরা সেখানে অত্যন্ত খারাপ পরিস্থিতি তৈরি করেছিলাম। আমরা যা করেছি তা ছিল চরম বোকামি। সত্যি বলতে, শুরুতেই আমাদের সেখানে যাওয়া উচিত হয়নি।
ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরানেও আমাদের থাকা উচিত ছিল না।
তবে তিনি দাবি করেন, নয় মাস আগে যুক্তরাষ্ট্র বি-২ বোমারু বিমান দিয়ে হামলা না চালালে ইরান এতদিনে পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম হয়ে যেত।
ট্রাম্পের ভাষ্য, ওই পরিস্থিতিতে ইসরায়েলের অস্তিত্বও হুমকির মুখে পড়তে পারত এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি ভিন্ন রূপ নিত।
সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের সামরিক বাহিনীকে পুরোপুরি লক্ষ্যবস্তু করেনি।
তার মতে, ইরানের সামরিক বাহিনীর একটি অংশ তুলনামূলকভাবে মধ্যপন্থী হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানো হয়নি।
ট্রাম্প বলেন, অতীতে বিভিন্ন যুদ্ধে এমন ঘটনা ঘটেছে যেখানে একটি দেশের কাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং দেশটি কয়েক দশকেও পুনর্গঠন করতে পারেনি। এ কারণেই ইরানের সামরিক বাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করা হয়নি বলে তিনি মন্তব্য করেন।
সম্প্রতি ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: আল জাজিরা, ফক্স নিউজ

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে