আমরা যেন শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দেই: মির্জা ফখরুল
দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী। আমাদের সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। সফল হতে হলে ধীরে ধীরে এগোতে হবে। অন্ধকারকে আলো দিয়ে দূর করতে হয়। আলোকবর্তিকা জ্বালিয়ে এগিয়ে যেতে হবে।
রবিবার (৯ জানুয়ারি) বিকেলে যুক্তরাষ্ট্র সফর শেষে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে অপেক্ষমাণ সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি জায়মা জারনাজ রহমান ৬ ও ৭ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠান শেষে আজ দেশে ফেরেন ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ। আর যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা জারনাজ রহমান।
বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে।
তিনি বলেন, মনে রাখতে হবে একটা অন্ধকারকে আরেকটা অন্ধকার দিয়ে দূর করা যায় না। তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলোকবর্তিকা জাগিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে।
তিনি সকলকে আহ্বান জানান যে, সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, স্থিতিশীলতা রক্ষার জন্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য সকল কাজ অব্যাহত রাখতে হবে।
অপারেশন ডেভিল হান্ট নিয়ে জানতে চাইলে ফখরুল বলেন, ‘আমরা তো বাইরে ছিলাম, ডেভিল হান্ট জানি না। তবে ডেভিল হার্ট মানে তো ফ্যাসিস্টকেই জানি।
অভিযানের কথা বলা হলে তিনি বলেন, এতদিন পর বোধোদয় হয়েছে, সেজন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।
জায়মা রহমানসহ তাদের এ সফরের অভিজ্ঞতা জানতে চাওয়া হলে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সফর খুব সফল হয়েছে।
বেগম জিয়া কেমন আছেন, যুক্তরাষ্ট্রে তার চিকিৎসা হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ম্যাডাম ভালো আছেন। ট্রিটমেন্ট চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে