Views Bangladesh Logo

আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে স্পিকার

টিপাইমুখ বাঁধ নিয়ে ‘আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ বুধবার জাতীয় সংসদে সিলেট-৩ আসনের সদস্য আব্দুল মালিকের এক সম্পূরক প্রশ্নের পর স্পিকার এ মন্তব্য করেন।

এর আগে সংসদ সদস্য আব্দুল মালিকের প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, বিষয়টি নিয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন। টিপাইমুখ বাঁধ ভারতের মণিপুর রাজ্যে বরাক নদীর ওপর প্রস্তাবিত একটি বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্প, যা বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার উজানে অবস্থিত। ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রকল্পটি নির্মিত হচ্ছে। তবে এর ফলে বাংলাদেশে পানিপ্রবাহ কমে যাওয়া ও পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা দীর্ঘদিন ধরেই রয়েছে।
সংসদে আলোচনা

পরিবেশ মন্ত্রণালয়-সংক্রান্ত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আব্দুল মালিক সিলেটের বন্যা ও খরার দুর্ভোগের চিত্র তুলে ধরেন। তিনি জানান, বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও বরাক নদীর উজানের প্রবাহে সিলেটের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়, আবার খরার সময় পানির তীব্র সংকট দেখা দেয়। সিলেটবাসীর পক্ষে তিনি জানতে চান, টিপাইমুখ বাঁধ ও পাহাড়ি ঢল মোকাবিলায় সরকারের পরিকল্পনা কী।

জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, বিষয়টি নিয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন এবং ভবিষ্যতে সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রীর উত্তরের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘পানিসম্পদমন্ত্রী হিসেবে আমার কিঞ্চিৎ অভিজ্ঞতা আছে। এই টিপাইমুখ বাঁধ বাংলাদেশেরই তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধে ভারত চালু করেছিল। আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম।’


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ