আবার ‘মাইনাস টু’ দেখতে চাই না: মির্জা ফখরুল
ওয়ান ইলেভেনের মতো বিএনপি আবার ‘মাইনাস টু ফর্মুলা’ দেখতে চায় না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৫ অক্টোবর) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি। বিশ্ব শিক্ষক দিবসে সমাবেশটির আয়োজন করে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা কোনো বিরাজনীতিকরণের রাজনীতিতে বিশ্বাস করি না। আবার মাইনাস টু দেখতে চাই না। আমরা আবার মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না। আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ উদারপন্থি গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই।’
মির্জা ফখরুল বলেন, 'প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার এসেছে, এটা তো আন্দোলন যারা করছে… আমরা সবাই মিলে দায়িত্ব দিয়েছি দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য। আমরা তাদের অবশ্যই সময় দিচ্ছি, সময় দেবো'।
অন্তর্বর্তী সরকারকে দ্রুত কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'বার বার প্রশ্ন আসে যে, কতোদিন সময় দেবেন? আমরা সেই পর্যন্ত সময় দেবো যে পর্যন্ত একটা যৌক্তিক সময়ে তারা (অন্তবর্তী সরকার) একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারেন। আমরা বিশ্বাস করি, রাজনীতি করি, আন্দোলন করেছি, জান দিয়েছি-প্রাণ দিয়েছি; একটাই লক্ষ্যে— আমরা জনগনের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই'।
প্রশাসনে ‘স্বৈরাচারের ভূত’বসে আছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলতে চাই— এই যে ভূতগুলোকে নিয়ে যারা এতোদিন জনগণের ওপর অত্যাচার-নিপীড়ন চালিয়েছে, যারা দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সেই ভূতেরা কিন্তু এখনও প্রশাসনের মধ্যে আছে। এই ভূতগুলোকে দূর করতে হবে। তা না হলে কোনোকিছুই করতে আপনারা সক্ষম হবেন না'।
শিক্ষকদের জাতীয়করণ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জাতীয়করণ হলেই আপনাদের সব সমস্যার সমাধান আসবে না। শিক্ষার মান বাড়াতে হবে, যোগ্য মানুষকে নিয়ে আসতে হবে।’
তিনি বলেন, শিক্ষকদের দলকানা হলে চলবে না। শিক্ষকদের দলীয় রাজনীতি থেকে একটু দূরে থাকতে হবে। তা না হলে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না।
পরিবর্তনে দেশে নতুন সম্ভাবনা ও আশার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এখন পরিবর্তন আনতে হবে। এজন্য কাজ করতে হবে। দরকার হলে আবার রাজপথে নামতে হবে, দরকার হলে আবার বুকের রক্ত দিতে হবে।
'সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে এ দেশে সত্যিকার অর্থে জনগণের শাসন প্রতিষ্ঠা করবো। খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়িত করবো, তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়িত করবো'- বলেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে