Views Bangladesh Logo

‘ব্রাজিলের মতো পরিণতি আমাদেরও হতে পারত’, মিসর ম্যাচের আগে সতর্ক স্কালোনি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার পথচলা এখন পর্যন্ত নিখুঁত। গ্রুপ পর্ব থেকে শেষ বত্রিশ—চার ম্যাচের সব কটিতে জিতে আলবিসেলেস্তেরা জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়। তবু জয়ের ধারায় গা ভাসাতে রাজি নন কোচ লিওনেল স্কালোনি। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের অপ্রত্যাশিত বিদায়ই তাকে মনে করিয়ে দিচ্ছে—বর্তমান চ্যাম্পিয়ন বা ফেবারিটের তকমা মাঠের লড়াইয়ে কোনো নিশ্চয়তা দেয় না।

শেষ ষোলোয় মিসরের বিপক্ষে নামার আগে গতকাল সংবাদ সম্মেলনে ব্রাজিলের ছিটকে যাওয়ার প্রসঙ্গ নিজেই তুলে আনেন স্কালোনি। নরওয়ের কাছে ২–১ গোলে হেরে সেলেসাওদের বিদায়কে তিনি দেখছেন বিশ্বকাপের নির্মম বাস্তবতার উদাহরণ হিসেবে।

অনুশীলনের ব্যস্ততায় ম্যাচটি পুরোপুরি দেখা হয়নি আর্জেন্টিনা কোচের। তবে যেটুকু দেখেছেন, তাতেই স্পষ্ট ধারণা পেয়েছেন তিনি, ‘অনুশীলন চলায় ব্রাজিলের ম্যাচটা আমি ছোট ছোট খণ্ডে দেখেছি। এটি আসলে টুর্নামেন্টের কঠিন বাস্তবতাই তুলে ধরে। নরওয়ে খুবই ভালো দল। (ম্যাচের শেষ দিকে) এনদ্রিক যদি ওই গোলটা করে ফেলত, তাহলে আজ আমরা সম্পূর্ণ ভিন্ন কিছু নিয়ে কথা বলতাম।’

ব্রাজিলের এমন পরিণতি যে কারও ভাগ্যেই জুটতে পারে—এই সতর্কবার্তাও দিয়ে রাখলেন স্কালোনি, ‘ওরা (ব্রাজিল) বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে। ঠিক যেমনটা সেদিন (কেপ ভার্দের বিপক্ষে) আমাদের ক্ষেত্রেও ঘটতে পারত, কিংবা এই বিশ্বকাপে যে কারও সঙ্গেই ঘটতে পারে।’

স্কালোনি ইঙ্গিত করেছেন শেষ বত্রিশে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার সেই কঠিন ম্যাচের দিকে, যেখানে একপর্যায়ে খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল তার দল। সেদিনের লড়াকু মানসিকতাই যে দলকে বাঁচিয়েছে, তা মনে করিয়ে দিয়ে আর্জেন্টিনা কোচ বলেন, ‘কেপ ভার্দের বিপক্ষে দল যদি সেই দৃঢ়তা ও লড়াকু মানসিকতা না দেখাত, আমরাও টুর্নামেন্ট থেকে ছিটকে যেতাম। যখন আপনি ভালো খেলবেন না, দলে এই মানসিকতা না থাকবে, তখন আপনি টুর্নামেন্ট থেকে বাদ।’

এবারের বিশ্বকাপে বড় দলগুলোর ধুঁকতে থাকার চিত্রও উঠে এসেছে স্কালোনির কথায়, ‘এই বিশ্বকাপ সবার জন্যই কঠিন প্রমাণিত হচ্ছে। এমন কোনো একক দল নেই, যারা আলাদাভাবে আধিপত্য দেখাচ্ছে। সেদিনের কথাই ধরুন, শক্তিশালী ফ্রান্সকে প্যারাগুয়ের বিপক্ষে লড়াই করতে হয়েছে, স্পেন লড়াই করেছে পর্তুগালের বিপক্ষে। কোনো দলই আগের পারফরম্যান্সের স্তর ধরে রাখতে পারছে না; কারণ, প্রতিপক্ষরাও ভালো খেলছে।’

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গলবার আফ্রিকার পরাশক্তি মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ব্রাজিলের মতো অঘটনের শিকার হতে চায় না বলেই মোহামেদ সালাহদের নিয়ে বাড়তি সতর্ক আলবিসেলেস্তেরা। প্রতিপক্ষকে সমীহ জানিয়ে স্কালোনি বলেন, ‘আমরা উচ্চ সতর্কতায় আছি। কারণ, মিসর খুব কঠিন প্রতিপক্ষ। তাদের উঁচু মানের খেলোয়াড় আছে এবং কোচও দীর্ঘ সময় ধরে কাজ করছেন। সালাহ দুর্দান্ত খেলোয়াড়, তার মুখোমুখি হওয়াটা আনন্দের। তবে আমরা সব সময় দলগতভাবে সতর্কতা অবলম্বন করি।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ