Views Bangladesh Logo

গরম আর ধাক্কাধাক্কির ম্যাচ জিতে এমবাপ্পে বললেন, ‘ডার্টি ফুটবল’ আমরাও পারি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

প্রচণ্ড দাবদাহ আর টানটান উত্তেজনার মধ্যে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফ্রান্স। প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস (১০০ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রায় অনুষ্ঠিত ম্যাচটিতে ফরাসিদের জয়সূচক একমাত্র গোলটি আসে পেনাল্টি থেকে, করেছেন কিলিয়ান এমবাপ্পে।

শুধু গরমের সঙ্গেই নয়, মাঠে প্যারাগুয়ের রুক্ষ ও শরীরনির্ভর ফুটবলের বিরুদ্ধেও লড়াই করতে হয়েছে এমবাপ্পেদের। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত শারীরিক আগ্রাসনের পথেই হেঁটেছেন প্যারাগুয়ের ফুটবলাররা। একের পর এক ফাউল, কড়া ট্যাকল আর সংঘর্ষে ফরাসি খেলোয়াড়দের ক্রমাগত অস্বস্তিতে রেখেছেন তারা। খেলা শেষে এ নিয়ে নিজের ক্ষোভ গোপন রাখেননি এমবাপ্পে। ফরাসি তারকার সাফ কথা—দরকার পড়লে তার দলও ‘ডার্টি ফুটবল’ খেলতে পারে।

প্যারাগুয়ের বিপক্ষে কেমন ম্যাচ হতে যাচ্ছে, সে সম্পর্কে আগেভাগেই ধারণা ছিল ফরাসি শিবিরের। ম্যাচ শেষে সে কথা জানিয়ে এমবাপ্পে বলেন, ‘আমরা জানতাম, কী ধরনের ম্যাচ অপেক্ষা করছে। আমার মনে হয়, আজ আমরা সেটি খুব ভালোভাবেই সামলেছি।’

প্রতিপক্ষের খেলার ধরন প্রসঙ্গে এই ফরোয়ার্ড বলেন, ‘ওরা ভেবেছিল আমরা বুঝি টাক্সেডো (আভিজাত্যপূর্ণ ও ভদ্র ফুটবল খেলা অর্থে) পরে মাঠে নামব এবং শুধু চোখধাঁধানো কিছু কৌশল দেখাব। কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রয়োজন হলে আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি। আজ সেটাই করেছি।’

উত্তপ্ত এই ম্যাচে উজবেক রেফারি ইলগিজ তানতাশেভ সব মিলিয়ে চারটি হলুদ কার্ড দেখান, যার তিনটিই গেছে ফ্রান্সের খেলোয়াড়দের পকেটে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ