হরমুজ প্রণালি ‘স্থায়ীভাবে খুলে দিচ্ছি’: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে কাজ করছে এবং বেইজিং তার সিদ্ধান্তে সন্তুষ্ট—বিশেষ করে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, চীন “খুবই খুশি” যে তিনি হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দিচ্ছেন। তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত তিনি শুধু চীনের জন্য নয়, বরং পুরো বিশ্বের স্বার্থে নিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আর ঘটবে না।
ট্রাম্প আরও দাবি করেন, চীন ইরানে অস্ত্র পাঠানো বন্ধ করতে সম্মত হয়েছে। তিনি লেখেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কয়েক সপ্তাহের মধ্যে চীন সফরে গেলে তাকে “বড় ও আন্তরিক আলিঙ্গন” করবেন এবং দুই দেশ “বুদ্ধিমত্তার সঙ্গে ও ভালোভাবে” একসঙ্গে কাজ করছে।
তিনি আরও বলেন, “এটা কি যুদ্ধের চেয়ে ভালো নয়? তবে প্রয়োজন হলে লড়াইয়ে আমরা খুবই দক্ষ—অন্য সবার চেয়ে ভালো।”
তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত চীনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে