আমরা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে বাস করছি: আইন উপদেষ্টা
বিচারকদের উদ্দেশ্যে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলছেন, ‘আমরা এখন একটা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে বাস করছি, যে সময় বাংলাদেশের ইতিহাস অবিনাশ হয়েছে। পৃথিবীর বহু দেশে এমন কখনোই দেখি নাই। আপনারা কয়েক সপ্তাহের মধ্যেই সহস্র হত্যাকাণ্ড দেখেছেন। হাজার হাজার তরুণ-ছাত্রের অঙ্গহানির ঘটনা দেখেছেন। নিশ্চয়ই অনেকে অনেক ফুটেজ দেখেছেন। দেখলে মনে হয় যেন গাজা স্ট্রিপের মতো ইসরায়েলি বাহিনী হত্যাকাণ্ড চালিয়েছে। একটা ভিডিও গেম খেলা হচ্ছে।’
উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের যারা জজ (বিচারক) আছেন তাদের কাছে অনুরোধ আপনারা হুটহাট করে জামিন দেবেন না।’
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘যখন পুলিশ ও কোর্টসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে তখন মবের প্রকোপ এমনিতেই কমে যাবে।’
আসিফ নজরুল বলেন, ‘আমরা এমন সময় কখনো পাইনি যখন বাংলাদেশে ১৫টা বছর ফ্যাসিস্টের শাসন ছিল। আমরা এ রকম সময় কখনো পাইনি, যেখানে বাংলাদেশে প্রতিষ্ঠানগুলোর এরোসন (ক্ষতিগ্রস্ত) হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠে, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে একই অপরাধ আবার করার চেষ্টা করে তাহলে জামিন দেয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। আবার যিনি জামিনের যোগ্য গত আমলের মতো তাকেও জামিন থেকে বঞ্চিত করবেন না। ওভারঅল যে সিচুয়েশন (পরিস্থিতি) সেটা মাথার মধ্যে রাখবেন।‘

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে