Views Bangladesh Logo

বাংলাদেশে বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জ্যঁ পেম। অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্থিতিশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তোলায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

সোমবার (৩০ জুন) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফ্রান্সের নাগরিক ও প্রকৌশল বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত পেম ২০০৩ সালে বিশ্বব্যাংকে সিনিয়র অবকাঠামো বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন। এরপর থেকে তিনি সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক আর্থিক সংস্থা আইএফসিতে তার দায়িত্ব পালন। তিনি বিশেষ করে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাজুড়ে আর্থিক খাত সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করেছেন।

সর্বশেষ বিশ্বব্যাংকের ফাইনান্স গ্লোবাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন জ্যঁ পেম, যেখানে তিনি শক্তিশালী, স্থিতিশীল, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নানা উদ্যোগ পরিচালনা করেন। একই সঙ্গে তিনি ফাইনান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ইনটেগ্রিটি গ্লোবাল টিমের নেতৃত্ব দেন, যা বিভিন্ন দেশের আর্থিক কাঠামো উন্নয়ন ও পুনর্গঠনে সহায়তা করে।

নতুন দায়িত্ব সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পেম বলেন, ‘বাংলাদেশের উন্নয়নযাত্রা বিশ্বকে অনুপ্রাণিত করে। নানা জটিলতা ও চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ বারবার নিজেদের উদ্ভাবনী শক্তি, দৃঢ় সংকল্প এবং সহনশীলতা দিয়ে উন্নয়ন ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে বিস্মিত করেছে। আমি সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী, যেন বাংলাদেশের উন্নয়ন গতিধারা আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক হয়।’

তিনি জানান, আইএফসি এবং এমআইজিএসহ বিশ্বব্যাংক গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের সম্মিলিত শক্তি কাজে লাগিয়ে বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়ন ও বিনিয়োগ আরও জোরদার করা হবে, যাতে বেশি সংখ্যক মানসম্পন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ বিশ্বব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। এ পর্যন্ত বাংলাদেশ বিশ্বব্যাংক থেকে অনুদান, সুদমুক্ত ঋণ ও সহজ শর্তে অর্থায়নের মাধ্যমে ৪৬ বিলিয়ন ডলারের বেশি সহায়তা পেয়েছে। বর্তমানে বিশ্বব্যাংকের অনুদানভিত্তিক সহায়তা কর্মসূচি ‘আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা’র সবচেয়ে বড় কার্যক্রম পরিচালিত হচ্ছে বাংলাদেশে, যার সক্রিয় প্রতিশ্রুতির পরিমাণ ১৫ দশমিক ৪ বিলিয়ন ডলার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ