ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল দ্রুত বিস্তার লাভ করায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতির অবনতি হওয়ায় ভারপ্রাপ্ত গভর্নর রব ফার্গুসন জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে অঙ্গরাজ্যের ১২টি বড় দাবানলপ্রবণ এলাকায় ৮০ হাজার ৯০০ হেক্টরের বেশি বন ও ভূমি আগুনে পুড়ছে। টানা চতুর্থ বছরের মতো চলমান খরার কারণে ওয়াশিংটন অঙ্গরাজ্য ইতিহাসের দীর্ঘতম শুষ্ক সময় পার করছে, যা দাবানলের ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে।
ভারপ্রাপ্ত গভর্নর রব ফার্গুসন বলেন, দীর্ঘস্থায়ী খরা এবং প্রবল বাতাসের কারণে পুরো অঙ্গরাজ্যে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। এ কারণে আগামী সেপ্টেম্বরের শেষ পর্যন্ত খোলা স্থানে আগুন জ্বালানো এবং কৃষিকাজে আগুন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে দাবানল স্পোকেন নদী অতিক্রম করে শহরের ভেতরে প্রবেশ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরপর শহরের বিস্তীর্ণ এলাকাকে সর্বোচ্চ সতর্কতার আওতায় এনে বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
উচ্ছেদ নির্দেশের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন শহরতলির বাসিন্দারা। ক্ষতিগ্রস্তদের জন্য ইতোমধ্যে জরুরি আশ্রয়কেন্দ্র চালু করেছে স্থানীয় প্রশাসন।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগস্ট মাসের শুরুতেই ২০২৬ সাল যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলের বছর হিসেবে চিহ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত ওয়াশিংটন অঙ্গরাজ্যের সীমান্ত কানাডা পর্যন্ত বিস্তৃত। এরই মধ্যে প্রতিবেশী কানাডাও ভয়াবহ দাবানলের প্রভাব মোকাবিলা করছে। গত জুলাইয়ে দেশটিতে প্রায় ৩০ লাখ হেক্টর বনাঞ্চল আগুনে পুড়ে যায়, যার আয়তন প্রায় পুরো বেলজিয়ামের সমান।
মতামত দিন