কিয়েভের কাছে রুশ ড্রোন হামলার পর গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৭
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুদামে রাশিয়ার ড্রোন হামলার পর বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪২ জন।
শনিবার (২৯ আগস্ট) ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে স্থানীয় এক মেয়রও রয়েছেন। কিয়েভের পশ্চিমে বুচা জেলার একটি গুদাম লক্ষ্য করে শুক্রবার রাতে রুশ ড্রোন হামলা চালানো হয় বলে জানিয়েছেন কিয়েভের আঞ্চলিক গভর্নর তিমুর তকাচেঙ্কো। ড্রোনের আঘাতের পরপরই গুদামে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন আশপাশের আবাসিক ভবন ও একটি রেস্তোরাঁয়ও পৌঁছে যায়।
হামলা ও অগ্নিকাণ্ডে ওই এলাকার অন্তত ৫০টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ৩৮০ জনের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে দিমিত্রিভস্কা গ্রামের মেয়র তারাস দিদিচও রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ঘটনার পর গুদামটিতে কী ধরনের সামগ্রী রাখা হয়েছিল, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, সেখানে বিস্ফোরক সামগ্রী সংরক্ষণ করা হচ্ছিল। আবাসিক এলাকার এত কাছে এসব সামগ্রী কীভাবে রাখা হলো, তা এখন তদন্তের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ইউক্রেনের প্রসিকিউটররা ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছেন। গুদামে বিস্ফোরক রাখার জন্য প্রয়োজনীয় অনুমোদন ও সরকারি ছাড়পত্র ছিল কি না, তা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা দায়িত্বশীল ব্যক্তিদের কোনো ধরনের অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ড ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আবাসিক এলাকার কাছাকাছি গোলাবারুদ বা বিস্ফোরক সামগ্রী রাখার বিষয়ে স্পষ্ট বিধিনিষেধ রয়েছে। তিনি জানান, এই ঘটনার ক্ষেত্রে অপরাধমূলক তদন্ত পরিচালনা করা হবে। প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কিও ঘটনাটিকে ‘অপরাধমূলক অবহেলা’ হিসেবে উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তার দাবি, জুলাইয়ে কিয়েভের কাছে ভিশনেভে একই ধরনের একটি গুদামে হামলার পর তদন্তে নিরাপত্তাবিধি লঙ্ঘনের তথ্য পাওয়া গিয়েছিল। যুদ্ধের পঞ্চম বছরে একই ভুল পুনরাবৃত্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ও ২৬৭টি ড্রোন ছুড়েছে রাশিয়া। একই সময়ে ওদেসা অঞ্চলে রুশ হামলায় একজন এবং কিয়েভের উপশহর বোরিসপিলে ১৪ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
অন্যদিকে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন নিহত ও নয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সেভাস্তোপলেও ইউক্রেনের ড্রোন হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
মতামত দিন