সেমিফাইনালের আগে ইয়ামাল-রাবিওর কথার লড়াই
ডালাসে অনুষ্ঠিতব্য সেমিফাইনাল ম্যাচকে ঘিরে মাঠের লড়াই শুরুর আগেই কথার লড়াইয়ে নেমেছে ফ্রান্স ও স্পেন। দুই দলই একে অপরকে মানসিক চাপে ফেলতে চাইছে, তবে কেউই কাউকে একচুলও ছাড় দিতে রাজি নয়।
স্পেনের বিপক্ষে সেমিফাইনাল নিশ্চিত হওয়ার আগেই ফ্রান্সকে নিয়ে মন্তব্য করেছিলেন স্প্যানিশ তরুণ তারকা লামিনে ইয়ামাল। তিনি বলেছিলেন, ‘ফ্রান্স আমাদের চেয়ে ভালো দল নয়। বরং তাদেরই আমাদেরকে ভয় পাওয়া উচিত।’
মঙ্গলবার রাতে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে নিজের সেই মন্তব্যের ব্যাখ্যা দেন ইয়ামাল। তিনি বলেন, ‘আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি ফ্রান্সকে ভয় পাই কি না। আমি বলেছি, না, আমি ভয় পাই না। আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এবং এটাই ফুটবল।’
ইয়ামালের বক্তব্যের জবাবে ফ্রান্সের মিডফিল্ডার আদ্রিয়েন রাবিওও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারাও কোনো প্রতিপক্ষকে ভয় পান না।
৩১ বছর বয়সী এই ফরাসি মিডফিল্ডার বলেন, ‘সবকিছু খুব ভালোভাবে এগোচ্ছে। আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই এই ম্যাচে নামছি। শেষ পর্যন্ত এটা ফুটবল, আর আমরা কাউকেই ভয় পাই না।’
ইয়ামালকে ঠেকাতে আলাদা কোনো পরিকল্পনা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে রাবিও বলেন, ‘না, ইয়ামালকে ঘিরে আমাদের আলাদা কোনো পরিকল্পনা নেই। আমরা পুরো স্পেন দলকে নিয়েই ভাবছি, কোনো একজন খেলোয়াড়কে নয়। তারা খুবই বিপজ্জনক একটি দল। ইয়ামাল একা নন, তার সঙ্গে আরও অনেক ভালো খেলোয়াড় রয়েছে। বলের দখল ধরে রাখা, ছোট জায়গায় আক্রমণ গড়া এবং ফরোয়ার্ডদের সমন্বয়—সব মিলিয়ে তারা দুর্দান্ত। তাই আমাদের মনোযোগ পুরো দলের দিকেই।’
মতামত দিন