Views Bangladesh Logo

‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সিজন-৩’-এর চ্যাম্পিয়ন ওয়াফিয়া সাদিকা

রাজধানীর নিউ বেইলি রোডের গাইড হাউসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সিজন-৩’-এর গ্র্যান্ড ফিনালে। প্লাস সাইজ নারীদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও সৌন্দর্যকে উদযাপনের এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াফিয়া সাদিকা।

স্টার মাল্টিমিডিয়া ও ড্যান্স কিংডমের যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছেন জেরিন খান এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন ডালিয়া শারমিন জুই।

এবারের আসরে শুরুতে ৩০ জন প্রতিযোগী অংশ নেন। প্রাথমিক বাছাই শেষে ১৫ জন দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হন। পরে সেখান থেকে নির্বাচিত সেরা ৮ প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। বিভিন্ন ধাপের পারফরম্যান্স, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, র‌্যাম্প ওয়ার্ক এবং সামগ্রিক দক্ষতার ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।

প্রতিযোগিতার বিচারক ছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, শামীম জামান, অভিনেত্রী আচল আঁখি, জয় চৌধুরী এবং স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান। অনুষ্ঠানে বিশেষ স্টেজ পারফরম্যান্স পরিবেশন করেন ফ্যাশন মডেল ও কোরিওগ্রাফার অ্যাডলফ খান।

স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান বলেন, প্লাস সাইজ নারীদের জন্য একটি সম্মানজনক ও অনুপ্রেরণার প্ল্যাটফর্ম গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তার ভাষায়, সৌন্দর্য শুধু বাহ্যিক নয়; আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও যোগ্যতাও একজন মানুষের সবচেয়ে বড় পরিচয়। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আয়োজকদের মতে, ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি’ শুধু একটি সৌন্দর্য প্রতিযোগিতা নয়, বরং প্লাস সাইজ নারীদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও সক্ষমতাকে তুলে ধরার একটি প্ল্যাটফর্ম। ফ্যাশন, মিডিয়া ও বিনোদন অঙ্গনে তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্য নিয়েই এই আয়োজন করা হয়েছে। তারকাদের উপস্থিতি, প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং বর্ণিল পরিবেশনায় শেষ হয় উৎসবমুখর গ্র্যান্ড ফিনালে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ