City Corporation Polls
কুমিল্লা-ময়মনসিংহ সিটিতে চলছে ভোট গ্রহণ
ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮টা থেকে এই দুই সিটিতে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এ ছাড়াও একইদিনে ছয়টি পৌরসভাসহ স্থানীয় সরকারের ২৩১টি প্রতিষ্ঠানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ায় সেখানে মেয়র ও কাউন্সিলর উভয় পদে নির্বাচন হচ্ছে। তবে কুমিল্লায় ভোট হচ্ছে শুধু মেয়র পদে।
ময়মনসিংহ ও কুমিল্লায় ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। বিএনপি ভোট বর্জন করেছে। অন্যদিকে আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে প্রার্থী ঘোষণা করেনি। মেয়র নির্বাচনে এবার দলীয় প্রতীক না থাকায় কুমিল্লায় আওয়ামী লীগের দুজন ও ময়মনসিংহে তিনজন নেতা প্রার্থী হয়েছেন। অন্যদিকে নির্বাচনে অংশ না নিলেও কুমিল্লায় ভোটের আলোচনায় আছে বিএনপিও।
ময়মনসিংহে বিএনপির কেউ প্রার্থী না হলেও কুমিল্লায় বিএনপি থেকে বহিষ্কৃত দুই নেতা প্রার্থী হয়েছেন। ফলে কুমিল্লায় বিএনপির ভোটাররাও জয়-পরাজয় নির্ধারণে ভূমিকা রাখবেন বলে আলোচনা আছে।
এবার ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটকেন্দ্র ১২৮টি। ভোটার রয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। প্রার্থী হয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু (দেয়াল ঘড়ি), জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম (ঘোড়া প্রতীক), শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাদেক খান মিল্কী টজু (হাতি প্রতীক), কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ ড. রেজাউল হক (হরিণ প্রতীক) এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মণ্ডল (লাঙ্গল প্রতীক)
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটকেন্দ্র ১০৫টি। এখানে ভোটার সংখ্যা দুই লাখ ৪২ হাজার ৪৫৮ জন। প্রার্থী হয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি), কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া), কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা (বাস) এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি নুর-উর রহমান মাহমুদ তানিম (হাতি)।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে