Views Bangladesh Logo

ভোটার বেড়েছে প্রায় ৪ লাখ, হালনাগাদ তালিকা প্রকাশ ইসির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সর্বশেষ ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।

রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাঁদের হিসাব অনুযায়ী দেশে সর্বশেষ ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ভোটারের সংখ্যা বেড়েছে ৩ লাখ ৯৩ হাজার ১৫ জন।

ইসি সচিব জানান, পরবর্তী নির্বাচনের আগে ভোটার হওয়ার বয়সসীমা বা তারিখ নিয়ে কোনো পরিবর্তন হলে কিংবা কমিশন নতুন কোনো সিদ্ধান্ত নিলে বর্তমান তালিকার সঙ্গে সম্পূরক তালিকা প্রকাশ করা হতে পারে।

এদিকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি প্রণয়নের কাজও এগিয়ে চলছে। স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধিমালার গেজেট আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আখতার আহমেদ। পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন—সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জন্য আচরণবিধিমালা তৈরি করা হয়েছে।

তবে স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইন এখনো আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। ইসি সচিব বলেন, আইনটির নথি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া শেষ হলে সেটিও আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

প্রেস ব্রিফিংয়ে রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও তথ্য দেন আখতার আহমেদ। তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ সামনে রেখে রোববার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। এখন পর্যন্ত শুধু বিএনপির পক্ষ থেকেই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বিএনপির দুই প্রতিনিধি—দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি—নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দল বা প্রার্থী নির্বাচন কমিশন থেকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ