জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হরমুজ নিয়ে প্রস্তাবে আজ ভোট হতে পারে
বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবের ওপর আজ মঙ্গলবার ভোটাভুটি হতে পারে।
তবে ভেটো ক্ষমতাধারী দেশ চীন বলপ্রয়োগের অনুমোদনের বিরোধিতা করায় প্রস্তাবটি উল্লেখযোগ্যভাবে দুর্বল করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কূটনীতিকরা।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বেড়ে যায়। হামলার পরপরই তেলের দাম বৃদ্ধি পায়। পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতের মধ্যে তেহরান বেশিরভাগ সময়ের জন্য হরমুজ প্রণালি কার্যত বন্ধ রাখে।
বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ব্যাপক চাপ সৃষ্টি করলেও ইরান অনীহা দেখাচ্ছে। দেশটি জানিয়েছে, তারা শুধু সাময়িক সমাধান নয়, বরং যুদ্ধের স্থায়ী অবসান চায়।
রয়টার্স জানিয়েছে, চীনের আপত্তির কারণে খসড়া প্রস্তাব থেকে বলপ্রয়োগের অনুমোদন সংক্রান্ত অংশ বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে সেখানে প্রতিরক্ষামূলক সমন্বয়ের আহ্বান রাখা হয়েছে।
কূটনীতিকদের মতে, প্রস্তাবটি দুর্বল হওয়ায় তা পাসের সম্ভাবনা কিছুটা বেড়েছে। তবে ভোটাভুটির ফলাফল এখনও অনিশ্চিত। সূত্র: রয়টার্স

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে