Views Bangladesh Logo

এনবিএ শিরোপা উদ্‌যাপনে নিউইয়র্কে সহিংসতা, বিশ্বকাপের শাটল বাসে আগুন

পাঁচ দশকেরও বেশি সময় পর এনবিএ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে রাস্তায় নেমেছিলেন হাজারো নিউইয়র্ক নিকস সমর্থক। তবে সেই উল্লাস একপর্যায়ে সহিংস রূপ নেয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনের মিডটাউনে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হন এক কিশোর এবং আগুন দেওয়া হয় বিশ্বকাপ দর্শকদের বহনকারী একটি শাটল বাসে।

স্থানীয় সময় শনিবার রাতে নিকসের ঐতিহাসিক শিরোপা জয় উদ্‌যাপনে হাজারো সমর্থক টাইমস স্কয়ার ও আশপাশের এলাকায় জড়ো হন। অনেককে আতশবাজি ফোটাতে এবং ধোঁয়ার গ্রেনেড ব্যবহার করতে দেখা যায়। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শহরের বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল ও মরক্কোর ম্যাচ শেষে দর্শকদের নামিয়ে দিয়ে ফেরার পথে ১৫টি শাটল বাসের একটি বহর টাইমস স্কয়ার এলাকায় আটকা পড়ে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শত শত তরুণ বাসগুলোর ওপর উঠে পড়েন এবং উল্লাস শুরু করেন। একপর্যায়ে নিউইয়র্ক সিটি প্রশাসনের ভাড়া করা একটি হলুদ স্কুলবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায় এবং আরও কয়েকটি বাস ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সময় কিছু সমর্থককে বাসের ছাদে উঠে ব্রাজিলের পতাকা ওড়াতেও দেখা যায়। ম্যাচ দেখতে আসা কয়েকজন দর্শক বলেন, বড় কোনো ক্রীড়া সাফল্যের পর এমন উচ্ছ্বাস বিশ্বের বিভিন্ন জায়গায় দেখা গেলেও এবার পরিস্থিতি মাত্রা ছাড়িয়ে গেছে।

এদিকে নিউইয়র্ক পুলিশ জানায়, রাতের উল্লাস চলাকালে টাইমস স্কয়ার এলাকায় ১৭ বছর বয়সী এক কিশোর গুলিবিদ্ধ হয়। তার পায়ে গুলি লাগে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া ভিড়ের মধ্যে আহত আরও কয়েকজনকে দেখা গেলেও তাদের আঘাতের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ ও অশ্বারোহী পুলিশ মোতায়েন করা হয়। দীর্ঘ সময় ধৈর্য ধারণের পর পুলিশ লাঠিচার্জ করে ভিড় ছত্রভঙ্গ করে এবং ম্যাডিসন স্কয়ার গার্ডেন-সংলগ্ন সড়কগুলো ঘিরে ফেলে।

নিউইয়র্ক নিকসের দীর্ঘদিনের সমর্থকদের কাছে এই জয় ছিল আবেগঘন এক মুহূর্ত। ১৯৭৩ সালের পর প্রথমবারের মতো দলটি এনবিএ শিরোপা জেতায় সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। এর আগে ১৯৯৪ ও ১৯৯৯ সালে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি দলটি। এবার সেই অপেক্ষার অবসান হলেও উদ্‌যাপনের রাতটি সহিংসতার কারণে বিতর্কিত হয়ে উঠেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ