বিশ্বকাপ থেকে বিদায়ের পর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস
ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের অপ্রত্যাশিত বিদায়ের পর দেশের সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন দলটির তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। শেষ ষোলো থেকেই বিদায় নিতে হওয়ায় দলের পারফরম্যান্স প্রত্যাশার অনেক নিচে ছিল বলে স্বীকার করেছেন তিনি।
২৪ বছর পর ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে খেলতে নেমেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে তাদের যাত্রা শেষ হয়। ওই ম্যাচে নরওয়ের হয়ে জোড়া গোল করেন আর্লিং হলান্ড। এই হারের ফলে বিশ্বকাপ জয়ের জন্য ব্রাজিলের অপেক্ষা আরও দীর্ঘ হয়ে ২৮ বছরে পৌঁছাল।
পুরো টুর্নামেন্টজুড়েই ইনজুরি ছিল ব্রাজিলের অন্যতম বড় সমস্যা। বিশ্বকাপ শুরুর আগেই ছিটকে যান আক্রমণভাগের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় রদ্রিগো ও এস্তেভাও। প্রতিযোগিতা চলাকালেই চোটে পড়েন রাফিনিয়া ও লুকাস পাকেতাও।
একাধিক নিয়মিত ফরোয়ার্ডের অনুপস্থিতিতে আক্রমণভাগের মূল দায়িত্ব এসে পড়ে ভিনিসিয়ুসের কাঁধে। রিয়াল মাদ্রিদের এই তারকা সেই দায়িত্ব পালনে ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন। পাঁচ ম্যাচে চার গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তাও করেন তিনি। তবে নকআউট পর্বে নরওয়ের বিপক্ষে দলকে জয়ের পথে ফেরাতে পারেননি।
পরাজয়ের চার দিন পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় নীরবতা ভাঙেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।
ভিনিসিয়ুস লেখেন, ‘‘আরেকটি বিশ্বকাপ হতাশার পর কী লিখব, তা আবারও ভাবছি। সবাইকে আমাকে সমর্থন করতে ও আমাদের স্বপ্নকে আগলে রাখতে দেখেছি। তাই এখন চুপ করে থাকাটা অন্যায় হবে। তবে পুরো বিষয়টি ভেবে দেখার জন্য আমার কয়েকটা দিন দরকার ছিল।’
ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামাকে নিজের জীবনের সবচেয়ে বড় গর্ব উল্লেখ করে তিনি বলেন, ‘‘জাতীয় দলের জার্সি পরা আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি জানি, এই বিশ্বকাপের জন্য কতটা পরিশ্রম করেছি এবং দেশের মানুষ ও আমার পরিবারের জন্য শিরোপা জিততে কতটা চেয়েছিলাম। আমরা আরও অনেক দূর যাওয়ার মতো শক্তিশালী একটি দল ছিলাম, কিন্তু আমরা সেটা করতে পারিনি।’
বার্তার শেষাংশে ব্রাজিলের সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে ভিনিসিয়ুস প্রতিশ্রুতি দেন, জাতীয় দলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে আনতে তিনি লড়াই চালিয়ে যাবেন।
তিনি লেখেন, ‘আপনাদের সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। ব্রাজিলকে আবার বিশ্বের সেরা দলে পরিণত করতে আমি লড়াই চালিয়ে যাব।’
মতামত দিন