Views Bangladesh Logo

বিশ্বকাপে বিরল কীর্তি, রোনালদো-রোমারিওদের কাতারে ভিনিসিয়ুস

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলের ফুটবল ইতিহাসের কিংবদন্তিদের পাশে নিজের নাম লিখিয়েছেন তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করে ২৪ বছর পর প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে বিরল এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড সর্বশেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ে জোড়া গোল করে কীর্তিটি গড়েন। এর আগে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে মরক্কো এবং হাইতির বিপক্ষেও গোল করেছিলেন তিনি।

এর মাধ্যমে ভিনিসিয়ুস এমন এক তালিকায় জায়গা করে নিলেন, যেখানে আছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও, রিভালদো এবং রোমারিও। সর্বশেষ ২০০২ বিশ্বকাপে রোনালদো ও রিভালদো গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে গোল করেছিলেন। তার আগে ১৯৯৪ সালে রোমারিও এবং ১৯৭০ সালে জাইরজিনহো একই কৃতিত্ব দেখিয়েছিলেন।

ওই তিনটি আসরেই ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল। ফলে ভিনিসিয়ুসের এই কীর্তিকে ব্রাজিল সমর্থকরা শুভ লক্ষণ হিসেবেই দেখছেন।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের সপ্তম মিনিটেই প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোলের সূচনা করেন ভিনিসিয়ুস। গোলরক্ষককে কাটিয়ে সহজেই বল জালে পাঠান তিনি। কিছুক্ষণ পর আবারও বল জালে জড়ালেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পর্যালোচনার পর গোলটি বাতিল করা হয়।

তবে প্রথমার্ধের যোগ করা সময়ে আর ভুল করেননি এই তারকা। মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসের নিখুঁত ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

চলতি বিশ্বকাপে ইতোমধ্যে চার গোল করে ফেলেছেন ভিনিসিয়ুস। দুর্দান্ত ফর্মে থাকা এই ফরোয়ার্ড এখন গোল্ডেন বুট জয়ের অন্যতম দাবিদার। নকআউট পর্বে ওঠা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সবচেয়ে বড় ভরসাও হয়ে উঠেছেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ