জ্বালানি সংকটে ভিয়েতনামে অভ্যন্তরীণ ফ্লাইট বাতিলের ঘোষণা
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে তীব্র জ্বালানি সংকটে পড়েছে ভিয়েতনাম। পর্যাপ্ত জেট ফুয়েল না থাকায় আগামী মাস থেকে সপ্তাহে অন্তত ২৩টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে দেশটির জাতীয় বিমান সংস্থা ভিয়েতনাম এয়ারলাইনস।
সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে ভিয়েতনাম বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
প্রায় তিন সপ্তাহ ধরে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর মধ্যে চলমান উত্তেজনার জেরে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে এবং সরবরাহ ব্যবস্থাও ব্যাহত হয়েছে। এতে ‘জেট এ-১’ জ্বালানির ঘাটতি দেখা দিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়, আগামী ১ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ রুট এবং আন্তর্জাতিক ফ্লাইট আপাতত চালু রাখা হবে।
এদিকে, জ্বালানি ব্যয় সামাল দিতে আন্তর্জাতিক রুটে টিকিটের ওপর অতিরিক্ত ‘ফুয়েল সারচার্জ’ আরোপের পরিকল্পনা করছে বিমান সংস্থাগুলো, যা এপ্রিল থেকেই কার্যকর হতে পারে।
সংকট মোকাবিলায় ভিয়েতনাম সরকার ইতোমধ্যে কাতার, কুয়েত, আলজেরিয়া এবং জাপান-এর কাছে জ্বালানি সহায়তা চেয়েছে। পাশাপাশি রাশিয়া-র সঙ্গে তেল ও গ্যাস উৎপাদন বিষয়ে একটি চুক্তিও করেছে হ্যানয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে