Views Bangladesh Logo

ইরানে প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন ‘টমাহক’ হামলার নতুন ভিডিও প্রকাশ

ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র হামলার নতুন ভিডিও প্রকাশিত হয়েছে। এই ভিডিও প্রকাশের পর আবারও প্রশ্ন উঠেছে যে, গত ২৮ ফেব্রুয়ারি ওই হামলায় শতাধিক শিশু নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রই সরাসরি দায়ী কি না।

ইরানের বার্তা সংস্থা মেহর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি ক্ষেপণাস্ত্র ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নৌঘাঁটির একটি স্থাপনায় আঘাত হানে। আন্তর্জাতিক তদন্তকারী সংস্থা বেলিংক্যাট ভিডিওটির জিওলোকেশন নিশ্চিত করে জানিয়েছে, এটি মিনাবের ওই এলাকা থেকেই ধারণ করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানোর সময় আইআরজিসি নৌঘাঁটির পাশেই অবস্থিত ‘শাজারেহ তাইয়্যেবেহ’ প্রাথমিক বিদ্যালয়ে এই বিস্ফোরণ ঘটে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলায় বিদ্যালয়টির প্রায় অর্ধেক ধ্বংস হয়ে গেছে এবং ক্লাস চলাকালে ৭ থেকে ১২ বছর বয়সী অন্তত ১৬৮ জন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি নিহত হয়।

অস্ত্র বিশ্লেষক সংস্থা ‘আর্মামেন্ট রিসার্চ সার্ভিসেস’-এর পরিচালক এন আর জেনজেন-জোনস ভিডিওটি বিশ্লেষণ করে জানিয়েছেন, আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি স্পষ্টভাবে একটি মার্কিন ‘টমাহক’ ক্রুজ মিসাইল, যা বর্তমানে এই অঞ্চলে কেবল যুক্তরাষ্ট্রই ব্যবহার করছে এবং এটি ইসরায়েলের অস্ত্রাগারে নেই।

স্যাটেলাইট ছবি বিশ্লেষণে দেখা গেছে, বিদ্যালয়টি একসময় আইআরজিসি কমপ্লেক্সের অংশ থাকলেও অন্তত আট বছর আগে এটিকে দেয়াল দিয়ে সামরিক ঘাঁটি থেকে আলাদা করা হয়েছিল। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, এই হামলার জন্য ইরান নিজেই দায়ী। তবে তিনি কোনো প্রমাণ দেননি।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

এদিকে এ ঘটনাকে ইউনেস্কো আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ এবং হিউম্যান রাইটস ওয়াচ ‘সম্ভাব্য যুদ্ধাপরাধ’ হিসেবে তদন্তের আহ্বান জানিয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ