রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় কাল
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামীকাল রোববার (৭ জুন) ঘোষণা করা হবে। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন রায়ের জন্য এ দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু আদালতে যুক্তি উপস্থাপন করে বলেন, মামলার প্রধান আসামি সোহেল রানা (৩১) ও সহ-আসামি তার স্ত্রী স্বপ্না খাতুনের (২৬) বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন তিনি।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী সোহেল রানার জন্য মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেন। তার দাবি, ঘটনার সময় সোহেল মাদকের প্রভাবে ছিলেন। আর স্বপ্না খাতুনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণ নেই, কেবল মরদেহ গোপনের অভিযোগ রয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষের ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত।
গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানার বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ৮ বছর বয়সী রামিসা আক্তারের শিরশ্ছেদ করা মরদেহ উদ্ধার করা হয়। মামলার এজাহার অনুযায়ী, সোহেল রানা শিশুটিকে কৌশলে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেন এবং পরে গলা কেটে হত্যা করেন। অপরাধ আড়াল করতে তিনি মরদেহ খণ্ডিত করারও চেষ্টা করেন।
ঘটনার পরদিন রামিসার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সাত ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করে এবং মাত্র ছয় দিনের মাথায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে