Views Bangladesh Logo

ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩০ জনে। আহত হয়েছেন অন্তত ৩ হাজার ২৩৮ জন। এখনও ৫১ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে দেশীয় ও আন্তর্জাতিক উদ্ধারকারী দল দিনরাত কাজ চালিয়ে যাচ্ছে।

গত বুধবার দেশটির উত্তরাঞ্চলে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দ্বিতীয় কম্পনটি এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে। এতে রাজধানী কারাকাস, লা গুয়াইরা এবং আশপাশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

উদ্ধার অভিযান চলাকালেই শুক্রবার আবারও ৪ দশমিক ৮ থেকে ৪ দশমিক ৯ মাত্রার একটি আফটারশক অনুভূত হয়। রাজধানী কারাকাস ও মারাকাইসহ বিভিন্ন এলাকায় এই কম্পনে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে নতুন এ কম্পনে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যে ভারী যন্ত্রপাতির সংকট এবং ত্রাণ কার্যক্রমের ধীরগতিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। বহু স্থানে স্বজন ও স্বেচ্ছাসেবকেরা খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজ চালিয়ে যাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টা জীবিত উদ্ধার করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হওয়ায় উদ্ধারকারীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন।

জাতিসংঘের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, এ দুর্যোগে প্রায় ৬ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৬৭০ কোটি ডলার) সমপরিমাণ প্রত্যক্ষ ক্ষয়ক্ষতি হয়েছে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, এল সালভাদোরসহ বিভিন্ন দেশের উদ্ধারকারী দল ভেনেজুয়েলায় পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। যুক্তরাষ্ট্র অতিরিক্ত ১৫ কোটি ডলারের সহায়তা ঘোষণা করেছে এবং মানবিক সহায়তা দ্রুত পৌঁছে দিতে কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার সিদ্ধান্ত জানিয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ