Views Bangladesh Logo

ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহত ছাড়াল ১৬০

প্রায় এক মিনিটের মধ্যে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে, আহত হয়েছেন প্রায় ৯৭১ জন। বৃহস্পতিবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই হালনাগাদ তথ্য জানান। তিনি জানান, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাওয়ায় হতাহতের এই সংখ্যা সামনে আরও বাড়তে পারে।

সবচেয়ে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে রাজধানী কারাকাসের লাগোয়া লা গুয়াইরা অঞ্চল, যাকে রদ্রিগেজ একটি ‘বিধ্বস্ত এলাকা’ বলে অভিহিত করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, এই অঞ্চলে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে তিন শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দেশের বিভিন্ন প্রান্তে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের—জীবিত বা মৃত—খুঁজে বের করার কাজ চলতে দেখা গেছে। সরকার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইরান, ফ্রান্স, স্পেন ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ উদ্ধারকাজ ও মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্র অবিলম্বে বড় আকারে সহায়তা পাঠানো শুরু করেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) হিসাবে, উপকূলীয় শহর মোরন থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এর মাত্র এক মিনিটের মধ্যেই কাছাকাছি এলাকায় আঘাত হানে ৭.৫ মাত্রার দ্বিতীয় ও আরও শক্তিশালী কম্পনটি। কম সময়ের ব্যবধানে এমন জোড়া ভূমিকম্প বিরল ঘটনা, যাকে বিশেষজ্ঞরা ‘ডাবলেট’ বলে অভিহিত করেন।

কারাকাসের ৩৮ বছর বয়সী প্রকৌশলী হেসুস আলেহান্দ্রো পিনা ভূমিকম্পের সময় ছিলেন একটি সাততলা ভবনের ওপরের দিকের একটি তলায়। আলজাজিরাকে তিনি জানান, ‘কাঁচের জিনিসপত্র ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, দেয়ালে টাঙানো ছবিগুলো খসে পড়ছিল। এমনকি ভবনের পিলার ও বিম থেকেও বিকট শব্দ আসছিল।’

পেশায় প্রকৌশলী হওয়ার সুবাদে তীব্র এই ঝাঁকুনির মধ্যে ভবনের ভেতরে আসলে কী ঘটছে, তা সহজেই অনুমান করতে পারছিলেন পিনা। তিনি বলেন, ‘পিলার আর বিমের এই নড়াচড়াই মূলত ভূমিকম্পের শক্তি শুষে নিতে সহায়তা করে। কিন্তু এই কম্পন দীর্ঘ সময় ধরে চললে একসময় তা সহ্যক্ষমতার চূড়ান্ত সীমা ছাড়িয়ে যায়—আর তখনই ভবন ভেঙে পড়ে।’

কম্পন থামার সঙ্গে সঙ্গে হাজারো আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। তাদের চোখের সামনে ভেসে ওঠে চারপাশের ধ্বংসস্তূপ আর আর্তনাদে ভরা এক ভয়াবহ দৃশ্য।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ