ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১,৭১৯, নিখোঁজ হাজারো মানুষ
ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১ হাজার ৭১৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও হাজারো মানুষ। এরই মধ্যে দেশটিতে আবারও একটি শক্তিশালী আফটারশক হয়, যা উদ্ধার অভিযানের জন্য অত্যন্ত সংকটপূর্ণ মুহূর্ত ছিল।
সোমবার (২৯ জুন) দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির নেতা হোর্হে রদ্রিগেজ জানান, উত্তর-পশ্চিমাঞ্চলে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী (৭.২ এবং ৭.৫ মাত্রা) ভূমিকম্পে আহতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া গৃহহীন হয়ে পড়েছেন আরও ১৫ হাজার ৮৬৬ জন মানুষ।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার ভেনেজুয়েলার ক্যারিবীয় উপকূলের কারাবালেদার উত্তরাঞ্চলে ৪.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। হোর্হে রদ্রিগেজ জানান, এই আফটারশকের কারণে নতুন করে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে কম্পন অনুভূত হতেই রাজধানী কারাকাসের বাসিন্দারা আতঙ্কে ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরের বন্দর নগরী লা গুয়াইরা। বর্তমানে এই এলাকাকে কেন্দ্র করেই উদ্ধার অভিযান চালানো হচ্ছে। নিখোঁজদের সন্ধানে কাজ করছেন ভেনেজুয়েলার প্রায় ৩০ হাজার উদ্ধারকর্মী এবং ২ হাজার ৭০০ বিদেশি বিশেষজ্ঞ।
যদিও ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদেরকে উদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার সময়সীমা শনিবার সন্ধ্যায় শেষ হয়ে গেলেও রোববার কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ধ্বংসস্তূপে ১০৬ ঘণ্টা আটকে থাকার পর একজনকে জীবিত বের করে আনা হয়।
ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, এখন পর্যন্ত ২৪টি দেশ তাদের সহায়তায় এগিয়ে এসেছে। দুর্গতদের জন্য ৫০০ টনেরও বেশি ত্রাণ সামগ্রী, ২ হাজার ৭০০ কর্মী এবং ৮৬টি অনুসন্ধানকারী কুকুরের দল পাঠিয়েছে মিত্র দেশগুলো।
এদিকে ভেঙে পড়া ঘরবাড়ির সামনে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নিখোঁজদের স্বজনেরা, যেন অন্তত তাঁদের প্রিয়জনদের মরদেহগুলো উদ্ধার করা যায়। পানি ও খাবারসহ জরুরি ত্রাণ সহায়তা অত্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছাতে শুরু করেছে, যেখানে বহু মানুষ এখনো খোলা আকাশের নিচে তাঁবু খাটিয়ে রাত কাটাচ্ছেন।
মতামত দিন