রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
রাজধানীর শ্যামপুর দোলাইরপাড়ে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শফিকুল ইসলাম (৩৭) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) দুপুর দেড়টার দিকে হামিদা পেট্রল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মো. মিজানুর জানান, কার্টনবোঝাই ভ্যান নিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত হন শফিকুল। পথচারীরা তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা পৌনে তিনটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মো. শরিফুল ইসলাম জানান, তাদের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রাজনগর গ্রামে। শফিকুল সবুজবাগ বাসাবো এলাকায় থাকতেন। সকালে কার্টন তৈরির মালামাল নিয়ে শ্যামপুরের দিকে রওনা দিয়েছিলেন তিনি। দুপুরে মুঠোফোনে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন শরিফুল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি শ্যামপুর থানায় জানানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে