ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, চরম অস্থিরতায় ইরান
ইরানের রাজধানী তেহরান–এ হামলার মাত্রা আরও বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, নির্ধারিত সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। তার দাবি, ইরানের বিরুদ্ধে দুই দেশের যৌথ সামরিক অভিযান টানা চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এর লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার ভোরে তেহরানে একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত সাড়ে তিনটার দিকে পশ্চিম তেহরানের শহীদ বাঘেরি আবাসিক কমপ্লেক্সে কয়েকটি বড় বিস্ফোরণ শোনা যায়। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়ও হামলার খবর পাওয়া গেছে।
ইরানের সংবাদমাধ্যম নুর নিউজ জানিয়েছে, তেহরানের পশ্চিম ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটছে।
অন্যদিকে মার্কিন সেন্টকম দাবি করেছে, অভিযান শুরুর প্রথম ২৪ ঘণ্টায় ইরানের এক হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা, আইআরজিসির সদরদপ্তর, বিভিন্ন কন্ট্রোল সেন্টার এবং তেহরানের একাধিক সামরিক স্থাপনা।
যৌথ অভিযানের প্রথম ধাপেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। এছাড়া তার পরিবারের কয়েকজন সদস্য এবং ইরানের সাবেক প্রেসিডেন্টসহ শীর্ষ পর্যায়ের বহু কর্মকর্তা ও সামরিক কমান্ডারও নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
প্রথম ধাপের হামলায় খামেনির মৃত্যু ইরানের রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। দেশজুড়ে চরম অনিশ্চয়তা ও টানটান উত্তেজনা বিরাজ করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে