যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা 'ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধিদল
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের বহুল আলোচিত শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। প্রায় ২১ ঘণ্টা ধরে টানা বৈঠক চললেও শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে চুক্তি সম্ভব হয়নি।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্র তাদের ‘রেড লাইন’ স্পষ্টভাবে উপস্থাপন করেছিল, কিন্তু ইরান সেই শর্ত মেনে নেয়নি।
তিনি বলেন, আমরা এমন অবস্থায় পৌঁছাতে পারিনি, যেখানে ইরান আমাদের প্রস্তাব গ্রহণ করবে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র একটি ‘চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব’ দিয়েছে, তবে তা গ্রহণ করবে কি না, এখন সেই সিদ্ধান্ত ইরানের ওপর নির্ভর করছে।
আলোচনা শেষে মার্কিন প্রতিনিধিদল পাকিস্তান ত্যাগের প্রস্তুতি নেয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিফ মুনীরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভ্যান্স বলেন, এই ব্যর্থতার জন্য পাকিস্তান দায়ী নয়; তারা সফলভাবে মধ্যস্থতার চেষ্টা করেছে।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক বিবৃতিতে বলেন, আলোচনা ছিল ‘নিবিড়’, তবে এর সফলতা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সদিচ্ছার ওপর।
তিনি ওয়াশিংটনকে ‘অতিরিক্ত দাবি’ থেকে সরে এসে ইরানের ‘বৈধ অধিকার’ মেনে নেওয়ার আহ্বান জানান।
এই আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক সংঘাত এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উল্লেখ্য, ১৯৭৯ সালের পর এই প্রথমবারের মতো যুদ্ধবিরতি ও উত্তেজনা নিরসনে সরাসরি আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরান। এতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে পাকিস্তান। সূত্র : বিবিসি

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে