Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ দাবি মধ্যস্থতাকারীর

তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বৃহস্পতিবারের আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় উচ্চ-পর্যায়ের পরমাণু এ আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ অর্জন করেছের বলে ওমানি পররাষ্ট্রমন্ত্রী দাবি করলেও যুদ্ধ এড়াতে সক্ষম এমন কোনো চুক্তিতে দুই পক্ষ পৌঁছাতে পারছে কিনা তা এখনও স্পষ্ট হওয়া যায়নি।


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেনেভায় আলোচনা শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, এটি এখন পর্যন্ত সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ ও দীর্ঘতম’ আলোচনা। তিনি জানান, আগামী সপ্তাহে ভিয়েনায় আরও প্রযুক্তিগত পর্যায়ের বৈঠক হবে। অগ্রগতিকে ইতিবাচক বলে উল্লেখ করলেও তিনি বিস্তারিত কিছু জানাননি।


আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন বদর বিন হামাদ আল বুসাইদি। তিনি বলেন, উভয় পক্ষের প্রতিনিধিরা এখন নিজ নিজ সরকারের সঙ্গে পরামর্শ করবেন এবং পরে আবার বৈঠকে মিলিত হবেন।


ইরানি গণমাধ্যম জানিয়েছে, আলোচনার ফাঁকে আরাঘচি মার্কিন দূত স্টিভ উইটকফ–এর সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ করেন। ইরানের প্রতিনিধিদল বুধবার রাতে ওমানি মধ্যস্থতাকারীর কাছে একটি লিখিত প্রস্তাব জমা দেয়, যা পরে মার্কিন প্রতিনিধিদলের কাছে পৌঁছে দেওয়া হয়। মার্কিন দলে উইটকফের পাশাপাশি ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর জামাতা জ্যারেড কুশনার।


জেনেভায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা–এর মহাপরিচালক রাফায়েল গ্রোসিও। কোনো চুক্তি হলে ইরানের পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণের দায়িত্ব পড়বে এই সংস্থার ওপর। আইএইএর বোর্ড অব গভর্নর্সের বৈঠক আগামী ৬ মার্চ শুরু হওয়ার কথা, যা ট্রাম্পের দেওয়া ১০ থেকে ১৫ দিনের চুক্তির সময়সীমার কাছাকাছি।


বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম এমএস নাউ–এর প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি আজ শুক্রবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং অন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।


এ ব্যাপারে বক্তব্য জানতে হোয়াইট হাউস ও ওয়াশিংটনে ওমানের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।


দীর্ঘদিনের শত্রু ওয়াশিংটন ও তেহরান যদি কোনো চূড়ান্ত চুক্তির দিকে এগিয়ে যেতে পারত, তাহলে ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলা চালানোর আশঙ্কা কমে যেত। অনেকের আশঙ্কা, এমন হামলা আরও বড় যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে।


তবে জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে পরোক্ষ আলোচনার পর ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি আশাব্যঞ্জক মন্তব্য করেছেন। আলোচনার এক অধিবেশন সকালে এবং অন্যটি বিকেলে হয়েছে।


বদর আলবুসাইদি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তাই আমরা আজকের দিন শেষ করেছি।’


আলবুসাইদি এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেননি। দুই পক্ষ তাদের সবচেয়ে বড় সমস্যাগুলো সমাধান করতে পেরেছে কি না, তাও তিনি স্পষ্টভাবে বলেননি।


তবে অনেক বিশ্লেষক এটিকে ট্রাম্পের যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার আগে শেষ সুযোগ হিসেবে দেখছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ