Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতির পথে অন্তর্বর্তী চুক্তি, সুইজারল্যান্ডে স্বাক্ষরের প্রস্তুতি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে একটি অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র–ইরান অন্তর্বর্তী চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে এবং এটি বর্তমানে বিবেচনাধীন রয়েছে। তিনি আরও বলেন, শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য স্বাক্ষর অনুষ্ঠানে ইরানের অংশগ্রহণের পরিকল্পনায় কোনো পরিবর্তন হয়নি।

প্রস্তাবিত এই চুক্তি স্বাক্ষর হলে এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সই করার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের এক সংবাদ সম্মেলনে জানান, সুইজারল্যান্ডে হতে যাওয়া স্বাক্ষর অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারেন—তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। তিনি বলেন, 'হয়তো যাবো'। একইসঙ্গে রসিকতা করে তিনি উল্লেখ করেন, চুক্তি ভেস্তে গেলে দায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ওপর দেওয়া হতে পারে।

এর আগে তেহরান জানায়, অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষ থেকে পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ প্রতিনিধিত্ব করবেন।

সবকিছু ঠিক থাকলে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এই স্বাক্ষর অনুষ্ঠান যুক্তরাষ্ট্র–ইরান সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল-জাজিরা ও বিবিসি

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ