Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনা চলছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনা চলছে এবং উভয় দেশের মধ্যে উত্তেজনা নিরসনে একটি সমঝোতার সম্ভাবনা রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, আলোচনা ব্যর্থ হলে স্থগিত থাকা সামরিক অভিযান আবারও শুরু হতে পারে।

সোমবার (২৭ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমাদের মধ্যে ভালো আলোচনা হচ্ছে। আমার মনে হয়, কিছু একটা ইতিবাচক হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যদি তা হয়, তাহলে আমরা দুই দিন আগে যে অবস্থায় ছিলাম, সেখানেই ফিরে যাব। তবে শেষ পর্যন্ত কী হয়, সেটাই দেখার বিষয়। এই মুহূর্তে আলোচনা খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশে চলছে।”
এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখে। একই সময়ে ইরানও পাল্টা হামলা থেকে বিরত রয়েছে।

তবে তেহরান আনুষ্ঠানিকভাবে সরাসরি আলোচনার অনুরোধ করার খবর অস্বীকার করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষের মধ্যে এখনও বার্তা আদান-প্রদান চলছে এবং ইরান কূটনৈতিক প্রচেষ্টা থেকে সরে আসেনি। তবে ইরান আলোচনার অনুরোধ করেছে—এমন দাবি ‘ভিত্তিহীন’।

সম্প্রতি রয়টার্সকে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে তেহরান ‘হামলার জবাবে হামলা’ নীতি অনুসরণ করছে। তাই ওয়াশিংটন যদি সামরিক অভিযান বন্ধ রাখে, ইরানও পাল্টা সামরিক পদক্ষেপ স্থগিত রাখবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে ইতোমধ্যে বার্তা পাঠানো হয়েছে বলেও তিনি দাবি করেন।

এদিকে কয়েক দিন আগেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরু করার কোনো পরিকল্পনা তাদের নেই। ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ