এই শান্তিচুক্তি ‘যুক্তরাষ্ট্রের ব্যর্থতার দলিল’: গালিবাফ
যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া শান্তিচুক্তিকে ‘যুক্তরাষ্ট্রের ব্যর্থতার দলিল’ বলে আখ্যায়িত করেছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। দুই দেশের স্মারকলিপি প্রকাশের পর রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গালিবাফ বলেন, ‘চুক্তিটি যুক্তরাষ্ট্রের ব্যর্থতার দলিল। জনগণ এটি দেখবে এবং বিচার করবে।’ একই সঙ্গে দাবি করেন, ইরান ‘শক্তির অবস্থান’ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান আলোচনা ও অতীতের আলোচনার মধ্যে মূল পার্থক্য হলো, এখন রণক্ষেত্রে বিজয়ের পতাকা আলোচনার ভিত্তি হিসেবে কাজ করছে, যা বন্ধু ও শত্রু উভয়ই স্বীকার করেছে। তাঁর মতে, যুদ্ধজয়ের পর আইনি ও রাজনৈতিক দলিলে সেই বিজয় লিপিবদ্ধ না করলে তা কোনো কাজে আসে না।
হরমুজ প্রণালি প্রসঙ্গে গালিবাফ স্পষ্ট জানিয়ে দেন, এই জলপথ আর যুদ্ধপূর্ব পরিস্থিতিতে ফিরবে না। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী এই কৌশলগত জলপথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল সরবরাহ হয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ৬০ দিন শুল্কমুক্ত জাহাজ চলাচলের সুযোগ রাখা হয়েছে। ওই সময়সীমার পর ইরান প্রণালি ব্যবহারকারী জাহাজের কাছ থেকে ফি আদায় করবে।
তিনি বলেন, ‘হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্বের অধিকার রয়েছে এবং আমরা সেবার বিনিময়ে শুল্ক নেব।"
সূত্র: এনডিটিভি
মতামত দিন