Views Bangladesh Logo

পুলিসিচ-বালোগুনের ঝলকে উড়ন্ত সূচনা, প্যারাগুয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করল যুক্তরাষ্ট্র

Sports Desk

ক্রীড়া ডেস্ক

দাপুটে এক জয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান শুরু করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের শক্ত অবস্থানের বার্তা দিয়েছে তারা।

শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। কিক-অফের পর থেকেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে স্বাগতিকরা এবং তার ফলও পেয়ে যায় দ্রুত।

ম্যাচের সপ্তম মিনিটে প্রথম গোলের দেখা পায় যুক্তরাষ্ট্র। ওয়েস্টন ম্যাককেনির আক্রমণ থেকে তৈরি হওয়া সুযোগে বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন প্যারাগুয়ের মিডফিল্ডার ডামিয়ান বোবাদিয়া। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। গোল হজমের পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্যারাগুয়ে। তবে যুক্তরাষ্ট্রের সংগঠিত রক্ষণভাগ এবং দ্রুতগতির আক্রমণের সামনে তারা সুবিধা করতে পারেনি। ২৮ মিনিটে ফোলারিন বালোগুন বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

তবে তিন মিনিট পরই নিজের নাম স্কোরশিটে তুলে নেন এই ফরোয়ার্ড। ৩১তম মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিকের নিখুঁত পাস ধরে বক্সের ভেতর থেকে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন বালোগুন।

প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও আঘাত হানে যুক্তরাষ্ট্র। ৪৫+৫ মিনিটে মালিক টিলম্যানের চমৎকার পাস থেকে ডিফেন্স ভেঙে নিজের দ্বিতীয় গোল করেন বালোগুন। তার জোড়া গোলে বিরতিতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালায় প্যারাগুয়ে। ৭৩তম মিনিটে হুলিও এনসিসোর গোলে একটি ব্যবধান কমালেও তা কেবলই সান্ত্বনা হয়ে থাকে।

ম্যাচের একেবারে শেষদিকে, ৯০তম মিনিটে যুক্তরাষ্ট্র চতুর্থ গোলটি করে জয়কে আরও দৃষ্টিনন্দন করে তোলে। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে স্বাগতিকরা।

এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের শিরোপার লড়াইয়ে অন্যতম দাবিদার হিসেবে জানান দিল যুক্তরাষ্ট্র।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ