Views Bangladesh Logo

মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি, ইরান-ইসরায়েল সংঘাত বন্ধে তৎপর বহু দেশ

রান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যেই দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি। তবে, চলমান সংঘাত বন্ধে চেষ্টা অব্যাহত রেখেছে ইরানের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত রাশিয়া ও চীন ছাড়াও তুরস্ক, ভেনিজুয়েলাসহ বিশ্বের বিভিন্ন দেশ।

ইসরায়েলের সামরিক হামলার পরিণতি নিয়ে আলোচনা করতে সদর দপ্তরে জরুরি অধিবেশন করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও (আইএইএ)।

এদিকে আপাতত ইরানের সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আর ইসরায়েল থেকে প্রায় দুইশ' নাগরিককে সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে পোল্যান্ড।

সোমবার (১৬ জুন) সকালে মার্কিন রণতরি ‘ইউএসএস নিমিটজ’ দক্ষিণ চীন সাগর ত্যাগ করে পশ্চিমে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে জাহাজের গতিপথ শনাক্তকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিক।

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের (ইউএস প্যাসিফিক ফ্লিট) কমান্ডারের ওয়েবসাইটে জানানো হয়েছে, ভারত–প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের নৌ-বাহিনীর নিয়মিত উপস্থিতির অংশ হিসেবে নিমিটজ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ গত সপ্তাহে দক্ষিণ সাগরে সমুদ্র নিরাপত্তা অভিযান চালায়। চলতি সপ্তাহের শেষদিকে রণতরিটির ভিয়েতনামের ডানাং বন্দরে যাওয়ার কথা ছিল। সেই সফর বাতিল করা হয়েছে বলে একজন কূটনীতিকসহ দুটি সূত্র জানিয়েছে।

একটি সূত্র বলেছে, হ্যানয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস তাকে জানিয়েছে, ‘উদ্ভূত সামরিক প্রয়োজনে’ ইউএসএস নিমিটজের ভিয়েতনামের বন্দর যাওয়া বাতিল করা হয়েছে।

পাল্টাপাল্টি বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় চারদিনে ইসরায়েলে ২৪ জন নিহত ও অন্তত ৩০০ জন আহত হয়েছেন। অন্যদিকে ইরানে নিহতের সর্বশেষ সংখ্যা ২২৪ জন এবং আহত এক হাজার ২৭৭ জন হাসপাতালে চিকিৎসাধীন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, হামলা ও সংঘাত বন্ধে মধ্যস্থতা করার আগ্রহ দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান। দুজনেই আলাদাভাবে জানিয়েছেন, সংঘাত বন্ধের লক্ষ্যে তারা মধ্যস্থতা করতে প্রস্তুত।

সমস্যার সমাধানে রাশিয়া বিবাদমান পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে বলেও জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘সংঘাত নিরসনে রাশিয়ার আগের প্রস্তাব এখনও বহাল রয়েছে। যদিও পরিস্থিতি এখন আরও জটিল হয়ে পড়েছে’।

রাশিয়ার ব্যবসা-বাণিজ্য বিষয়ক দৈনিক কোমেরসান্ত লিখেছে, লিখেছে, ‘মধ্যপ্রাচ্যে যেকোনো উত্তেজনা নিরসনে রাশিয়া নিরপেক্ষ মধ্যস্থতাকারী হতে পারে। সংকট পুরোপুরি কাটাতে না পারলেও অন্তত উত্তেজনা কমাতে সাহায্য করতে পারে। এতে মস্কো ওই অঞ্চলে নিজেদের প্রভাব বাড়াতে পারবে’।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রেচেপ তাইপ এরদোয়ান। ইসরায়েলের সাথে সংঘাতের অবসান ঘটাতে তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

এর আগে শুক্রবার (১৩ জুন) হামলা শুরুর পর পরই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ওই হামলার নিন্দা জানায় চীন-রাশিয়া। অবিলম্বে উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়ে তারা একইসঙ্গে সতর্ক করে যে, এর ভয়াবহ বৈশ্বিক পরিণতি হতে পারে।

চীন সোমবারও ফের ইসরায়েল ও ইরানকে বলেছে, যেন তারা যেন পাল্টাপাল্টি হামলা বন্ধ করে উত্তেজনা হ্রাসের পদক্ষেপ নেয়।

বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘আমরা সব পক্ষকে আহ্বান জানাচ্ছি, যেন তারা অবিলম্বে এমন পদক্ষেপ নেয় যা উত্তেজনা কমাবে, এই অঞ্চলকে আরো বিশৃঙ্খলার দিকে ঠেলে দেয়া থেকে রক্ষা করবে। সেই সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে যাওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করবে’।

রোববারও (১৫ জুন) দেশটির আরেক মুখপাত্র বলেছিলেন, ‘এই উত্তেজনা কমানোর প্রক্রিয়ায় চীন গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী’।
এদিকে ইরানের সীমান্তঘেঁষা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কাদির বখশ পিরকানি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ইরানের সঙ্গে তাদের প্রদেশের পাঁচটি সীমান্ত ক্রসিংয়ের সবগুলো বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে আগামী দুই-এক দিনের মধ্যেই নিজ দেশের ২০০ নাগরিককে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পোল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী হেনরিকা মোসিকা-ডেন্ডিস।

সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা শুধুমাত্র সেইসব নাগরিকদেরকেই দেশে ফিরিয়ে আনতে যাচ্ছি, যারা ভ্রমণ বা অন্য কোনো উদ্দেশ্যে অল্পকিছু দিনের জন্য ইসরায়েলে গিয়ে আটকা পড়েছেন’।

তবে ইসরায়েলি আকাশসীমা আপাতত বন্ধ থাকায় তাদেরকে বিমানে করে দেশে ফিরিয়ে নিতে পারছে না পোল্যান্ড। এক্ষেত্রে নাগরিকদের প্রথমে স্থলপথে জর্ডানের রাজধানীতে নেয়া হবে। পরে প্লেনে তারা পোল্যান্ডে ফিরবেন বলেও জানান মোসিকা-ডেন্ডিস।

ইরানের নাতাঞ্জ ও ফোর্দোতে পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি আঘাতের পর এর পরিণতি নিয়ে আলোচনা করতে সদর দপ্তরে জরুরি অধিবেশনে বসে আইএইএর পরিচালনা পরিষদ। এই বৈঠকের অনুরোধ জানিয়েছিল ইরান। পরে রাশিয়া, চীন ও ভেনিজুয়েলা এতে সমর্থন দেয়।

আইএইএ বলছে, নন প্রোলিফেরাশন চুক্তির (এনপিটি) অধীনে পারমাণবিক উদ্বেগ মোকাবিলায় সামরিক পদক্ষেপ কখনো গ্রহণযোগ্য উপায় নয়। এক্ষেত্রে সংঘাত নিরসনে ভূমিকা নেবে তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ