সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
সৌদি আরবে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটির নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবকে লেভেল-৩ বা ‘ভ্রমণ পুনর্বিবেচনা করুন’ পর্যায়ে রেখেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত একটি সতর্কবার্তা এ তথ্য প্রকাশ করা হয়েছে।
সতর্কবার্তায় সৌদি আরবে মার্কিন স্বার্থকে লক্ষ্য করে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যমসংক্রান্ত স্থানীয় আইনের কথা উল্লেখ করা হয়েছে। এসব ঝুঁকির কারণে মার্কিন নাগরিকদের সৌদি আরব ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সৌদি আরবের কিছু এলাকায় ঝুঁকি তুলনামূলক বেশি। বিশেষ করে ইয়েমেন সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসবাদের ঝুঁকি থাকায় সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। ওই অঞ্চলকে আলাদাভাবে লেভেল-৪ বা ‘ভ্রমণ করবেন না’ পর্যায়ে রাখা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, সৌদি আরবের কিছু এলাকায় ঝুঁকি তুলনামূলক বেশি। তাই এসব এলাকায় ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।
একই সঙ্গে প্রতিবেশী ইয়েমেন ভ্রমণের পরিকল্পনার ক্ষেত্রে মার্কিন নাগরিকদের জন্য ৪র্থ পর্যায়ের সর্বোচ্চ বিধিনিষেধ বা ‘ভ্রমণ করবেন না’ সংক্রান্ত নির্দেশনা যথারীতি বহাল রাখা হয়েছে।
সূত্র: আল-জাজিরা
মতামত দিন