Views Bangladesh Logo

'যুক্তরাষ্ট্র চায় বিশ্বকাপে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হোক'

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র শেষ ষোলো থেকেই বিদায় নিলেও শিরোপা নিয়ে হোয়াইট হাউসের আগ্রহ শেষ হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বকাপ–সংক্রান্ত প্রতিনিধি অ্যান্ড্রু জুলিয়ানি এবার ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাওয়ার কথা জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে জুলিয়ানি বলেন, যুক্তরাষ্ট্র যদি নিজেদের ২৫০তম স্বাধীনতা বার্ষিকীতে বিশ্বকাপ জিততে না-ও পারে, তাহলে সেই উদ্‌যাপনের বছরে ইংল্যান্ডের যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ জেতা দারুণ একটি গল্প হবে।

ইংল্যান্ড ১৯৬৬ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি। এবার শিরোপা জিতলে তাদের দীর্ঘ ৬০ বছরের অপেক্ষার অবসান হবে। এ প্রসঙ্গে জুলিয়ানি বলেন, “আমার জানা মতে, ইংল্যান্ড প্রায় ৬০ বছর ধরে অপেক্ষা করছে। তারা যদি এবার জেতে, সেটা খুব ভালো হবে। এখন পর্যন্ত টুর্নামেন্টে টিকে থাকা অন্যতম সেরা দল তারা।”

ডোনাল্ড ট্রাম্প ইংল্যান্ড দল এবং বিশেষ করে অধিনায়ক হ্যারি কেইনের পারফরম্যান্স নিবিড়ভাবে অনুসরণ করছেন বলেও জানান জুলিয়ানি। তার ভাষ্য, গত সপ্তাহে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কেইনকে “দারুণ খেলোয়াড় এবং অসাধারণ মানুষ” বলে উল্লেখ করেছিলেন।

জুলিয়ানি বলেন, ট্রাম্প ফুটবল সম্পর্কে ভালোই জানেন। কয়েক বছর আগে এক গলফ আয়োজনে ওয়েইন রুনির সঙ্গেও তার দেখা হয়েছিল। এছাড়া ছেলে ব্যারনের আগ্রহের কারণেও ট্রাম্পের ফুটবলের প্রতি আগ্রহ আরও বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।

ইংল্যান্ডের শিরোপা জয়ের ক্ষেত্রে হ্যারি কেইনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে উল্লেখ করেন জুলিয়ানি। এবারের বিশ্বকাপে ইতোমধ্যে ছয় গোল করা এই স্ট্রাইকারের পাশাপাশি জুড বেলিংহামেরও প্রশংসা করেন তিনি।

তিনি বলেন, “ইংল্যান্ড যদি বিশ্বকাপ জিততে চায়, তাহলে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে কেইনকে। তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বেলিংহামও অসাধারণ ফুটবলার।”

ইংল্যান্ড দলকে আত্মবিশ্বাস ধরে রাখার পরামর্শ দিয়ে জুলিয়ানি বলেন, “দলটি খুবই ভারসাম্যপূর্ণ। কোচের দায়িত্ব হবে খেলোয়াড়দের বিশ্বাস করানো যে তাদের বিশ্বকাপ জেতার সামর্থ্য রয়েছে।”

ফাইনালে ওঠার আগে অবশ্য কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে ইংল্যান্ডকে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ