Views Bangladesh Logo

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসা বন্ড বাড়ছে

যুক্তরাষ্ট্র ব্যবসায়িক ও পর্যটন ভিসার ক্ষেত্রে ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করেছে। নতুন নিয়মের আওতায় বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের নির্ধারিত অঙ্কের ভিসা বন্ড জমা দিতে হবে। একই সঙ্গে সর্বোচ্চ ভিসা বন্ডের পরিমাণ ১৫ হাজার ডলার থেকে বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে।

শুক্রবার প্রকাশিত ফেডারেল রেজিস্টারের খসড়া বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এক বছরের পর্যালোচনায় কর্মসূচিটির কার্যকারিতার পক্ষে পর্যাপ্ত তথ্য পাওয়ায় এটি স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নতুন নিয়ম সোমবার থেকে কার্যকর হবে। ভবিষ্যতে এ তালিকায় আরও দেশ যুক্ত হতে পারে।

নতুন নিয়ম অনুযায়ী, আগে যেখানে ভিসা বন্ডের পরিমাণ ৫ হাজার থেকে ১৫ হাজার ডলারের মধ্যে নির্ধারণ করা হতো, সেখানে এখন ৫ হাজার ডলারের বিকল্প বাতিল করা হয়েছে। পরিবর্তে কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীর ক্ষেত্রে ১০ হাজার অথবা ২০ হাজার ডলারের বন্ড নির্ধারণ করতে পারবেন।

এই বিধান শুধু বি-১ (ব্যবসায়িক) ও বি-২ (পর্যটন) ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তালিকাভুক্ত দেশের আবেদনকারীদের ভিসা সাক্ষাৎকারের আগে নির্ধারিত বন্ড জমা দিতে হবে। ভিসা প্রত্যাখ্যাত হলে পুরো অর্থ ফেরত দেওয়া হবে। আর ভিসা পাওয়ার পর যুক্তরাষ্ট্রে গিয়ে ভিসার সব শর্ত মেনে চললে ভ্রমণ শেষে বন্ডের অর্থও ফেরত পাওয়া যাবে।

ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান কমানোর লক্ষ্যে গত বছরের আগস্টে ট্রাম্প প্রশাসন পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি চালু করেছিল। মার্কিন কর্মকর্তাদের হিসাবে, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও অবস্থানকারী একজন ব্যক্তিকে গ্রেপ্তার ও নিজ দেশে ফেরত পাঠাতে সরকারের প্রায় ১৮ হাজার ডলার ব্যয় হয়।

নতুন তালিকায় আফ্রিকার অনেক দেশের পাশাপাশি বাংলাদেশ, নেপাল ও ভুটানও রয়েছে। ফলে এসব দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক ও পর্যটন ভিসায় ভিসা বন্ড এখন স্থায়ী শর্ত হিসেবে কার্যকর হবে। এ সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে নিয়মিত ভ্রমণকারী, ভবিষ্যৎ ভ্রমণপ্রত্যাশী এবং তাদের পরিবারের ওপর প্রভাব পড়তে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ