ভারত-পাকিস্তানকে দায়িত্বশীল সমাধানের দিকে এগোনোর আহ্বান যুক্তরাষ্ট্রের
সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে উভয় দেশকে "দায়িত্বশীল সমাধানের" দিকে এগোনোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ।
পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে এবং তা সামরিক সংঘাতে রূপ নেয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে এই আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।
সোমবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
এ বিষয়ে রোবরার (২৭ এপ্রিল) দেয়া এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ভারত ও পাকিস্তানের সরকারের সঙ্গে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ রাখছে ওয়াশিংটন।
পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘এটি একটি চলমান পরিস্থিতি এবং আমরা এই পরিস্থিতির অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা ভারত ও পাকিস্তানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।’
তিনি আরও বলেন, ‘সব পক্ষকে দায়িত্বশীল সমাধানের দিকে এগোনোর জন্য উৎসাহিত করছে যুক্তরাষ্ট্র।’
তবে এ ঘটনায় এখন পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি সমালোচনা থেকে বিরত রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও বলেন, ‘ভারতের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র এবং পাহেলগামে সংঘটিত বর্বরোচিত জঙ্গি হামলার তীব্র নিন্দা জানায়।’
উল্লেখ্য, পাহেলগামে চালানো হামলার ঘটনায় ২৬ জনের প্রাণহানির ঘটনাটি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকে নতুন করে উসকে দিয়েছে। এজন্য বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত। যার পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানও।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে