Views Bangladesh Logo

ইরানের হুঁশিয়ারি: ‘মার্কিন সেনারা ইরানে পা রাখলে ফিরে যাবে কফিনে’

ইরানের ইংরেজি দৈনিক তেহরান টাইমস মার্কিন স্থল অভিযানের সম্ভাবনার প্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি জারি করেছে। প্রথম পৃষ্ঠায় ‘নরকে স্বাগতম’ (Welcome To Hell) শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কোনো মার্কিন সেনা যদি ইরানের মাটিতে প্রবেশ করে, তারা কেবল ‘কফিনে’ ফেরত যাবে।

গত শুক্রবার মার্কিন সংবাদমাধ্যমে খবর আসে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০ হাজার সেনা মোতায়েনের কথা ভাবছে। এই তথ্যের পরপরই তেহরান থেকে এ ধরনের চরম বার্তা আসে। বিশ্লেষকরা মনে করছেন, এটি ইরানে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতির অংশ।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলে সংঘটিত হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধে মার্কিন সামরিক বিকল্প আরও শক্তিশালী করতে এই অতিরিক্ত সেনা মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। মোতায়েনকৃত সেনারা ইরানের মূল ভূখণ্ড ও কৌশলগত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি টার্মিনাল ‘খার্গ দ্বীপ’ অঞ্চলের কাছে অবস্থান রাখতে পারেন।

এদিকে, তেহরানের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান শুরু করে, তবে ইরান তাদের ইয়েমেনি মিত্র হুতি বিদ্রোহীদের সক্রিয় করবে। ফলে লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ হয়ে যেতে পারে এবং যুদ্ধের নতুন ফ্রন্ট খোলা হবে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও স্থল যুদ্ধে জড়ানোর ইচ্ছা প্রকাশ করেননি এবং পরিস্থিতি স্বাভাবিক করার আলোচনা ‘ইতিবাচক’ভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন।

তবে রণক্ষেত্রে সংঘর্ষ অব্যাহত রয়েছে। ইসরায়েলি সেনারা শুক্রবার তেহরানের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় এবং একই দিনে বৈরুতের দক্ষিণ শহরতলিতেও হিজবুল্লাহ স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। প্রতিরোধ হিসেবে দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি সেনাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ