Views Bangladesh Logo

ইরানের সঙ্গে ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের ঘোষণা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, স্থানীয় সময় সোমবার (৩ আগস্ট) বিকেল থেকেই এই আলোচনা শুরু হতে পারে। একই সঙ্গে তিনি জানান, মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান সম্ভাব্য হামলার প্রস্তুতি সম্পর্কে আগে থেকেই অবগত ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে উভয় পক্ষ আলোচনার পথে এগোচ্ছে এবং সোমবার বিকেল থেকেই সেই প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, চুক্তির পরিধি নিয়ে সমঝোতার অগ্রগতি হওয়ায় ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি মিত্র দেশ সামরিক হামলা স্থগিত রাখার আহ্বান জানিয়েছে।

তবে ট্রাম্পের এ বক্তব্যের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। যদিও অতীতেও তিনি আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আশাবাদ ব্যক্ত করেছিলেন, কিন্তু পরে বিভিন্ন সময়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তি সম্পন্নের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, যুদ্ধ নয়, বরং সমঝোতার মাধ্যমেই সংকটের সমাধান চান।

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মধ্যস্থতাকারীরা তাকে সামরিক অভিযান থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। তার ভাষ্য, হরমুজ প্রণালি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে।

অন্যদিকে, ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, অতিরিক্ত সামরিক পদক্ষেপ এড়াতে তেহরান যুক্তরাষ্ট্রের কাছে কোনো অনুরোধ জানায়নি। বরং ট্রাম্পের বক্তব্যকে তারা ভিত্তিহীন বলে অভিহিত করেছে।

এদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হরমুজ প্রণালি ইস্যুতে ওমানের সঙ্গে চলমান আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।


তবে সোমবারের সম্ভাব্য বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে কিংবা এতে কারা অংশ নেবেন, সে বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি মার্কিন প্রেসিডেন্ট।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ