ট্রাম্প আরোপিত শুল্ক আদায় বন্ধ করছে যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট (আইইইপিএ) ব্যবহার করে বিশ্বব্যাপী যে প্রতিশোধমূলক অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন, তা আদায় বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে এসব শুল্ক আদায় বন্ধ হবে। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)–এর কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, কার্গো সিস্টেমস মেসেজিং সার্ভিস (সিএসএমএস)–এর মাধ্যমে শিপিং অপারেটরদের ইতোমধ্যে বার্তা পাঠানো হয়েছে। ওই বার্তায় বলা হয়েছে, ট্রাম্পের পূর্ববর্তী আইইইপিএ–সংক্রান্ত সব শুল্ক কোড মঙ্গলবার থেকে নিষ্ক্রিয় করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২ এপ্রিল ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্কনীতি ঘোষণা করেন। ওই নীতির আওতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রাখা দেশগুলোর ওপর ১০ শতাংশ ভিত্তিমূলক শুল্ক আরোপের পাশাপাশি ‘রেসিপ্রোকাল’ বা পারস্পরিক শুল্কও কার্যকর করা হয়।
পরবর্তীতে চীন, ভারত, কানাডা, মেক্সিকো ও ব্রাজিলসহ বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক উত্তেজনার সময় ট্রাম্প এই পারস্পরিক শুল্ক ব্যাপকভাবে ব্যবহার করেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে জরুরি অর্থনৈতিক ক্ষমতা এত বিস্তৃতভাবে ব্যবহারের নজির আগে দেখা যায়নি।
বিশ্বব্যাপী আলোচিত এই প্রতিশোধমূলক শুল্ক ঘোষণার সময় ট্রাম্প ২ এপ্রিলকে যুক্তরাষ্ট্রের ‘স্বাধীনতা দিবস’ হিসেবে উল্লেখ করে দাবি করেছিলেন, এ পদক্ষেপ দেশটির অর্থনৈতিক মুক্তি বয়ে আনবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে